মক্কায় প্রবেশে কড়াকড়ি, নতুন নির্দেশনা সৌদির
- সংবাদ প্রকাশের সময় : ০৭:২৮:৪৬ অপরাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬ ৪৭ বার পড়া হয়েছে
হজ মৌসুমকে সামনে রেখে সরকারি অনুমতি ছাড়া কোনো প্রবাসী পবিত্র মক্কা নগরীতে প্রবেশ করতে পারবেন না বলে জানিয়েছে সৌদি আরব। সোমবার (১৩ এপ্রিল) থেকে এই আইন জারী।
সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ঘোষণায় বলা হয়েছে, এবারের হজ কার্যক্রম ‘অনুমতি ছাড়া হজ নয়’ স্লোগানে পরিচালিত হবে, যার লক্ষ্য হাজিদের নিরাপত্তা ও স্বাচ্ছন্দ্য নিশ্চিত করা।
নতুন নিয়ম অনুযায়ী, শুধু যাদের কাছে মক্কা থেকে ইস্যুকৃত বৈধ ইকামা (বাসিন্দা অনুমতি), হজ পারমিট অথবা পবিত্র স্থানগুলোতে কাজের অনুমতি রয়েছে, তারাই শহরে প্রবেশ করতে পারবেন। অনুমতি ছাড়া কাউকে প্রবেশপথের নিরাপত্তা চেকপোস্ট থেকেই ফিরিয়ে দেওয়া হবে।
এছাড়া ওমরাহ ভিসায় সৌদি আরবে অবস্থানরত বিদেশি নাগরিকদের জন্য ১৮ এপ্রিল (১ জিলকদ) দেশত্যাগের শেষ সময় নির্ধারণ করা হয়েছে।
আরও জানানো হয়েছে, ১৮ এপ্রিল থেকে ৩১ মে পর্যন্ত নুসুক প্ল্যাটফর্মের মাধ্যমে ওমরাহ অনুমতিপত্র ইস্যু করা সাময়িকভাবে স্থগিত থাকবে। এই সিদ্ধান্ত সৌদি নাগরিক, প্রবাসী ও উপসাগরীয় দেশগুলোর নাগরিকসহ সব শ্রেণির মানুষের জন্য প্রযোজ্য।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, ডিজিটাল সেবা সহজীকরণ ও ব্যবস্থাপনা আরও কার্যকর করতে ‘আবশির ইন্ডিভিজুয়ালস’ প্ল্যাটফর্ম এবং ‘মুকিম’ পোর্টালের মাধ্যমে ইলেকট্রনিকভাবে হজের অনুমতিপত্র সংগ্রহের সুযোগ রাখা হয়েছে।





















