সপ্তাহে ৩ দিন সরাসরি, ৩ দিন অনলাইনে ক্লাস
- সংবাদ প্রকাশের সময় : ০১:২৪:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬ ৩৮ বার পড়া হয়েছে
দেশের শিক্ষাপ্রতিষ্ঠানে সপ্তাহে তিন দিন সশরীরে এবং তিন দিন অনলাইনে ক্লাস চালুর পরিকল্পনার কথা জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। পাশাপাশি শনিবার শিক্ষার্থীদের ক্লাসে আনার চিন্তাও করছে শিক্ষা মন্ত্রণালয়।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাজধানীর দনিয়া কলেজে জাতীয় বিশ্ববিদ্যালয়, তথ্য ও প্রযুক্তি বিভাগ ও ইউনিসেফের যৌথ আয়োজনে এক অনুষ্ঠান শেষে সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।
শিক্ষামন্ত্রী বলেন, প্রস্তাবিত পরিকল্পনা অনুযায়ী শনি, সোম ও বুধবার সশরীরে ক্লাস অনুষ্ঠিত হবে। বাকি দিনগুলোতে অনলাইনে পাঠদান চলবে। সে ক্ষেত্রে সাপ্তাহিক ছুটির দিনেও পরিবর্তন আসতে পারে এবং রবিবার অফলাইনে শিক্ষা কার্যক্রম চালু রাখা হতে পারে। এটি মহানগর ও মেট্রোপলিটন এলাকায় হবে। সারা দেশে নয়।
তিনি আরও বলেন, শিক্ষা ব্যবস্থাকে যুগোপযোগী ও কার্যকর রাখতে এ ধরনের সমন্বিত পদ্ধতি চালুর উদ্যোগ নেওয়া হচ্ছে।
এসময় নিজের পদত্যাগ প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, গুরুতর কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা—যেমন নিমতলীর মতো দুর্ঘটনা—ঘটলে তিনি পদত্যাগ করতে বাধ্য হবেন।
শিক্ষকদের উদ্দেশে তিনি বলেন, সরকারের দায়িত্ব শিক্ষাব্যবস্থা সঠিকভাবে পরিচালনা করা, আর শিক্ষকদের দায়িত্ব ভবিষ্যৎ প্রজন্মকে গড়ে তোলা। পাশাপাশি কারিগরি শিক্ষাকে ঘিরে নেতিবাচক ধারণা থেকেও সরে আসার আহ্বান জানান তিনি।





















