ডেইলি স্টার ও প্রথম আলো আজ প্রকাশিত হয়নি
- সংবাদ প্রকাশের সময় : ১২:১৪:২১ অপরাহ্ন, শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫ ৭৯ বার পড়া হয়েছে
নিইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির মৃত্যুর পর বিক্ষোভ শুরু হয়। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাতে রাজধানীর কারওয়ান বাজারে প্রথম আলো কার্যালয়ে এবং ফার্মগেটে ডেইলি স্টার ভবনে ভাঙচুর ও আগুন দেয় বিক্ষুব্ধরা। এরপর থেকে কার্যক্রম বন্ধ রয়েছে গণমাধ্যমটির।
এ ঘটনার পর শুক্রবার (১৯ ডিসেম্বর) সকালে প্রথম আলোর ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে বলা হয়, ‘বিগত রাতে প্রথম আলোর কার্যালয় ব্যাপক হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের শিকার হওয়ায় আমাদের স্বাভাবিক কার্যক্রম চালিয়ে যাওয়া সম্ভব হয়নি। তাই আজ প্রথম আলো ছাপা পত্রিকা প্রকাশ করা যায়নি।’
পোস্টে আরও বলা হয়, ‘অনলাইন পোর্টালও সাময়িকভাবে বন্ধ রয়েছে। পাঠকদের কাছে এ জন্য আমরা আন্তরিক দুঃখ প্রকাশ করছি। যতটা দ্রুত সম্ভব ক্ষতিগ্রস্ত কারিগরি ব্যবস্থা পুনরুদ্ধার করে প্রথম আলোর অনলাইন ও পত্রিকার প্রকাশ শুরু করা হবে। এ বিষয়ে আমরা পাঠকদের সহযোগিতা প্রার্থনা করছি।’
এর আগে বৃহস্পিতবার রাতে রাজধানীর কারওয়ান বাজারে প্রথম আলো কার্যালয়ে এবং ফার্মগেটে ডেইলি স্টার ভবনে ভাঙচুর করে বিক্ষুব্ধরা। প্রথমে প্রথম আলো ভবনে এবং পরে ডেইলি স্টারে আগুন দেওয়া হয়।
এ ঘটনায় ডেইলি স্টার ভবনে আটকা পড়েন অনেক সংবাদকর্মী। তাদের উদ্ধারে অভিযান চালায় ফায়ার সার্ভিস ও সেনাবাহিনী।























