২০ লাখ টাকা খরচেই চালু কাজীপাড়া মেট্রো স্টেশন, চলবে শুক্রবার থেকে
- সংবাদ প্রকাশের সময় : ০৫:১০:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪ ২৬৭ বার পড়া হয়েছে
ছাত্র আন্দোলনের সময় ক্ষতিগ্রস্ত কাজীপাড়া স্টেশন চালু হচ্ছে শুক্রবার (২০ সেপ্টেম্বর) থেকে। এ দিন থেকে সাপ্তাহিক ছুটির দিনেও চলবে মেট্রোরেল।
বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) বিকালে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবদুর রউফ এই তথ্য নিশ্চিত করেন।
জানা গেছে, সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলনের সময় ক্ষতিগ্রস্ত কাজীপাড়া স্টেশন মেরামত করতে প্রাথমিকভাবে খরচ হয়েছে মাত্র ২০ লাখ ৫০ হাজার টাকা।
আবদুর রউফ বলেন, আগামীকাল (শুক্রবার) থেকে মেট্রোরেল চলবে। তবে শুক্রবার চলবে দুপুর ৩টা ৩০ মিনিট থেকে রাতে স্বাভাবিক সময় পর্যন্ত। এ ক্ষেত্রে হেডওয়ে (দুই ট্রেনের মধ্যবর্তী সময়) ১০ মিনিট, ৮ মিনিট ও ১২ মিনিট থাকবে সময় অনুযায়ী।
মিরপুর-১০ নম্বরের মেট্রো স্টেশন চালু প্রসঙ্গে আবদুর রউফ বলেন, এই স্টেশন নিয়ে একটি কমিটি কাজ করছে। কী কী ক্ষয়ক্ষতি হয়েছে, তা এখনো এই কমিটি নিরূপণ করছে। আগামী ৭ দিনের মধ্যে জানা যাবে ক্ষয়ক্ষতির পরিমাণ। তখন সেই অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।






















