১৫ বছরে দেশ থেকে পাচার ২৮ লাখ কোটি টাকা : রাষ্ট্রপতি

- সংবাদ প্রকাশের সময় : ১০:১৪:১৪ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬ ১০ বার পড়া হয়েছে
আওয়ামী লীগ সরকারের ১৫ বছরের শাসনামলে দেশ থেকে বিপুল পরিমাণ অর্থ বিদেশে পাচারের অভিযোগ তুলে ধরেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ২০০৯ থেকে ২০২৩ সাল পর্যন্ত এ সময়ে প্রায় ২৮ লাখ কোটি টাকা দেশ থেকে পাচার হয়েছে বলে জানিয়েছেন তিনি। তাঁর দেওয়া তথ্য অনুযায়ী, প্রতি বছর গড়ে ১৬ বিলিয়ন ডলার করে বিদেশে চলে গেছে, যা দেশের মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রায় ৩ দশমিক ৫ শতাংশ।
শনিবার (২৮ নভেম্বর) রাজধানীর রেডিসন ব্লু হোটেলে চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস বাংলাদেশের আয়োজনে সাউথ এশিয়ান ফেডারেশন অব অ্যাকাউন্ট্যান্টসের (সাফা) সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব তথ্য তুলে ধরেন রাষ্ট্রপতি।
তিনি বলেন, দীর্ঘ সময়ের স্বৈরাচারী শাসনে সুশাসনের ঘাটতি, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর দুর্বলতা এবং ব্যাপক অর্থপাচারের মাশুল দিতে হয়েছে দেশের মানুষকে। ১৫ বছরের বেশি সময় ধরে পরিকল্পিতভাবে গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলো দুর্বল ও ধ্বংস করা হয়েছে। একই সঙ্গে দুর্নীতির দুষ্টচক্রে আটকে পড়েছে দেশের অর্থনীতি।
আওয়ামী লীগ সরকারের সময়কার অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে ২০২৪ সালের শ্বেতপত্রের তথ্য উল্লেখ করে রাষ্ট্রপতি বলেন, ২০০৯ থেকে ২০২৩ সাল পর্যন্ত প্রায় ২৩৪ বিলিয়ন মার্কিন ডলার, বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ২৮ লাখ কোটি টাকা, বিদেশে পাচার হয়েছে।
দেশের ব্যাংকিং খাতের পরিস্থিতি তুলে ধরে তিনি জানান, ২০২৬ সালের জুন শেষে খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ৬ লাখ ৭ হাজার কোটি টাকা। মোট ঋণের প্রায় এক-তৃতীয়াংশই এখন খেলাপির খাতায়। তবে প্রকৃত আর্থিক সংকটের চিত্র বুঝতে ঋণ শ্রেণীকরণের ক্ষেত্রে স্বচ্ছতা নিশ্চিত করা জরুরি।
রাষ্ট্রপতি বলেন, অর্থপাচার প্রতিরোধ, ব্যাংকিং খাতের জালিয়াতি বন্ধ এবং আইনসম্মত প্রক্রিয়ায় বিদেশে পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনতে সরকার বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে।
তিনি আরও বলেন, দেশের আর্থিক স্থিতিশীলতা পুনরুদ্ধার, পুঁজিবাজারকে শক্তিশালী করা এবং বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করতে আন্তর্জাতিক মানসম্পন্ন ও নির্ভরযোগ্য আর্থিক প্রতিবেদন ব্যবস্থা গড়ে তোলা প্রয়োজন। একই সঙ্গে সরকারি খাতে জবাবদিহি, স্বচ্ছতা ও সুশাসন প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
সরকারি অর্থের ব্যবহার এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর কার্যক্রমে স্বচ্ছতা নিশ্চিত করার প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন রাষ্ট্রপতি। তাঁর মতে, আর্থিক খাতে আস্থা ফেরাতে সরকারি ব্যয়ের প্রতিটি ক্ষেত্রে জবাবদিহি নিশ্চিত করা জরুরি।























