জিল বাংলা সুগার মিলে ৬৯তম আখ মাড়াই মৌসুম শুরু, চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রা ৫,৩৯০ টন

- সংবাদ প্রকাশের সময় : ১২:০৯:৪০ পূর্বাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬ ৬ বার পড়া হয়েছে
জামালপুরের দেওয়ানগঞ্জে জিল বাংলা সুগার মিলের ৬৯তম আখ মাড়াই মৌসুমের উদ্বোধন করা হয়েছে। ২০২৬-২৭ মৌসুমে ৭৭ হাজার মেট্রিক টন আখ মাড়াই করে ৫ হাজার ৩৯০ মেট্রিক টন চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে মিল কর্তৃপক্ষ।
শুক্রবার (২৭ নভেম্বর) সন্ধ্যায় মিলের ডোঙায় আখ নিক্ষেপের মধ্য দিয়ে নতুন মৌসুমের মাড়াই কার্যক্রমের উদ্বোধন করা হয়। জামালপুর-২ আসনের সংসদ সদস্য সুলতান মাহমুদ বাবু প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কার্যক্রমের সূচনা করেন।
উদ্বোধন উপলক্ষে মিল প্রাঙ্গণে দোয়া মাহফিল ও আলোচনা সভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের চেয়ারম্যান শামসুজ্জামান সুরুজ।
আলোচনা সভায় বক্তব্য দেন জামালপুর-৫ আসনের সংসদ সদস্য শাহ ওয়ারেস আলী মামুন, দেওয়ানগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ জহুরুল হোসেন, মিলের ব্যবস্থাপনা পরিচালক ফেরদৌস আলম, দেওয়ানগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন, ইসলামপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নবাব, দেওয়ানগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রশীদ সাদা, দেওয়ানগঞ্জ পৌর বিএনপির সভাপতি মনজুরুল হক মঞ্জু, সাধারণ সম্পাদক ও দেওয়ানগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মো. আতিকুর রহমান সাজু, ওয়ার্কার্স ইউনিয়নের সভাপতি রায়হানুল আজিম ইমরান এবং আখচাষি তারেক মাহমুদসহ অনেকে।
নতুন মৌসুমে নির্ধারিত লক্ষ্যমাত্রা অর্জনে ৭৭ হাজার মেট্রিক টন আখ মাড়াইয়ের পরিকল্পনা নিয়ে উৎপাদন কার্যক্রম শুরু করেছে জিল বাংলা সুগার মিল।






















