জমির আইল কাটা নিয়ে বিরোধ, ছোট ভাইয়ের কোদালের আঘাতে বড় ভাই নিহত

- সংবাদ প্রকাশের সময় : ০৩:৩৯:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬ ৯ বার পড়া হয়েছে
জয়পুরহাটের পাঁচবিবিতে জমির আইল কাটা নিয়ে বিরোধের জেরে ছোট ভাইয়ের কোদালের আঘাতে বড় ভাই দেলোয়ার হোসেন (৬৭) নিহত হয়েছেন। শুক্রবার (২৭ নভেম্বর) সকালে উপজেলার কোতোয়ালিবাগ গ্রামে এ ঘটনা ঘটে। হত্যাকাণ্ডের পর স্থানীয় লোকজন অভিযুক্ত ছোট ভাই নবীনুর রহমানকে (৫৫) আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন।
নিহত দেলোয়ার হোসেন ও অভিযুক্ত নবীনুর রহমান কোতোয়ালিবাগ গ্রামের মৃত জামতুল্যার ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, পৈতৃক সম্পত্তি নিয়ে দুই ভাইয়ের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। শুক্রবার সকালে দেলোয়ার হোসেন ছোট ভাই নবীনুর রহমানের জমির মাটি কেটে আইল বাঁধছিলেন। এ সময় নবীনুর সেখানে গিয়ে তাঁকে আইল কাটতে বাধা দেন। এ নিয়ে দুই ভাইয়ের মধ্যে বাগ্বিতণ্ডা শুরু হয়।
একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে নবীনুর কোদাল দিয়ে বড় ভাই দেলোয়ারের ঘাড়ে আঘাত করেন। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
ঘটনার পর স্থানীয় লোকজন ধাওয়া করে নবীনুরকে আটক করেন। পরে তাঁকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দেলোয়ারের মরদেহ উদ্ধার করে। এ সময় হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি কোদাল ও একটি হাঁসুয়া জব্দ করা হয়।
পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তামবিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, জমির আইল কাটা নিয়ে বিরোধের জেরে ছোট ভাইয়ের কোদালের আঘাতে বড় ভাই নিহত হয়েছেন। এ ঘটনায় ছোট ভাইকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনাস্থল থেকে একটি কোদাল ও হাঁসুয়া জব্দ করা হয়েছে। এ ঘটনায় মামলা হয়েছে।

























