সেচ নয়, টিআরএম চান ভবদহের বাসিন্দারা

- সংবাদ প্রকাশের সময় : ০৫:১৯:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬ ৮ বার পড়া হয়েছে
নদী-খাল ভরাট রেখে সেচ প্রকল্পে জলাবদ্ধতা নিরসন সম্ভব নয় দাবি আন্দোলনকারীদের; অতীতের ব্যর্থতার উদাহরণ তুলে ধরে আলাদা পরিকল্পনার দাবি
যশোরের ভবদহ অঞ্চলের দীর্ঘদিনের জলাবদ্ধতা নিরসনে প্রস্তাবিত ৩০০ কোটি টাকার সেচ প্রকল্প নিয়ে আপত্তি তুলেছেন স্থানীয় বাসিন্দা ও পানি আন্দোলনকর্মীরা। তাঁদের দাবি, ভবদহের জলাবদ্ধতা নিরসনের সঙ্গে প্রকল্পের আওতাভুক্ত এলাকার বাস্তব সমস্যার সামঞ্জস্য নেই। বরং এ প্রকল্প বাস্তবায়িত হলে জলাবদ্ধতা ও জনদুর্ভোগ আরও বাড়তে পারে। তাই ‘বৃহত্তর যশোর জেলার জলাবদ্ধতা দূরীকরণ ও সেচ এলাকা উন্নয়ন’ শীর্ষক প্রকল্প থেকে ভবদহ অঞ্চল বাদ দিয়ে পৃথক বাস্তবভিত্তিক পরিকল্পনা গ্রহণ করতে হবে।
একই সঙ্গে ভবদহের জলাবদ্ধতা স্থায়ীভাবে নিরসনে নদী-খাল পুনরুদ্ধার এবং বিভিন্ন বিলে জোয়ারাধার বা টাইডাল রিভার ম্যানেজমেন্ট (টিআরএম) চালুর দাবি জানিয়েছেন তাঁরা।
এ দাবিতে পানিসম্পদমন্ত্রী ও কৃষিমন্ত্রীর কাছে পৃথক স্মারকলিপি দিয়েছেন আন্দোলনকারীরা। স্মারকলিপির অনুলিপি খাদ্যমন্ত্রী এবং বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রীর কাছেও পাঠানো হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুপুরে যশোরের জেলা প্রশাসকের মাধ্যমে এসব স্মারকলিপি দেওয়া হয়।
সেচ প্রকল্পের কার্যকারিতা নিয়ে প্রশ্ন
স্মারকলিপিতে বলা হয়েছে, বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন (বিএডিসি) ভবদহের জলাবদ্ধতা নিরসনের কথা উল্লেখ করে বৃহত্তর যশোরের যেসব এলাকাকে প্রস্তাবিত প্রকল্পের আওতায় এনেছে, সেসব এলাকার সঙ্গে ভবদহের জলাবদ্ধতা সমস্যার কার্যকর সম্পর্ক নেই। অবাস্তব তথ্য উপস্থাপনের মাধ্যমে সরকার ও জনগণকে বিভ্রান্ত করে প্রকল্প থেকে অনৈতিক সুবিধা নেওয়ার চেষ্টা করা হচ্ছে বলেও অভিযোগ করেছেন তাঁরা।
আন্দোলনকারীদের বক্তব্য, ভবদহের জলাবদ্ধতা সেচ প্রকল্পের মাধ্যমে নিরসন সম্ভব নয়—অতীতের অভিজ্ঞতাই তার প্রমাণ। মুক্তেশ্বরী, টেকা, হরি, তেলিগাতী ও গ্যাংরাইল নদীসহ প্রায় ১৩০ কিলোমিটার নদী-খাল মোহনা পর্যন্ত পলি জমে ভরাট হয়ে গেছে। এতে ৬০টির বেশি বিল ও জনপদ জলাবদ্ধতার কবলে পড়েছে। নদী ও খালের স্বাভাবিক প্রবাহ ফিরিয়ে আনা না গেলে সেচযন্ত্র দিয়ে পানি সরিয়ে সমস্যার স্থায়ী সমাধান সম্ভব নয়।
এ প্রসঙ্গে স্মারকলিপিতে অতীতের সরকারি উদ্যোগের ব্যর্থতার চিত্রও তুলে ধরা হয়েছে। বলা হয়েছে, ২০২০ সালে পানি উন্নয়ন বোর্ড বৈদ্যুতিক সেচযন্ত্রের মাধ্যমে পানি নিষ্কাশন কার্যক্রম শুরু করে। ২০২১ সাল পর্যন্ত এ খাতে ১ কোটি ৬১ লাখ টাকা ব্যয় হলেও দৃশ্যমান সুফল পাওয়া যায়নি। পরবর্তী ব্যয়ও পরিস্থিতির উন্নতি ঘটাতে পারেনি। বরং জনজীবনের দুর্ভোগ বেড়েছে। একই সময়ে ভবদহ স্লুইসগেট থেকে বারোআড়িয়া মোহনা পর্যন্ত প্রায় ৬০ কিলোমিটার নদী ভরাট হয়ে গেছে।
বিল কপালিয়ায় বিএডিসির তিন ভেন্টে সেচপাম্প চালুর উদ্যোগও ব্যর্থ হয়েছে বলে দাবি আন্দোলনকারীদের। তাঁদের ভাষ্য, বৈদ্যুতিক সেচযন্ত্রের মাধ্যমে নদীর এক পাশের পানি তুলে পাইপ দিয়ে অন্য পাশে ফেলার ব্যবস্থা করা হয়েছিল। কিন্তু এতে নদীর নাব্যতা ও পানিপ্রবাহের মূল সংকটের সমাধান হয়নি।
স্থায়ী সমাধানে টিআরএমের ওপর জোর
স্মারকলিপিতে প্রস্তাবিত নতুন প্রকল্পে ফসল উৎপাদন বৃদ্ধির যে সম্ভাবনার কথা বলা হয়েছে, সেটিকেও বাস্তবতার সঙ্গে অসংগতিপূর্ণ বলে উল্লেখ করা হয়েছে। আন্দোলনকারীদের মতে, বর্তমানে নদী খনন কার্যক্রম এবং ভবদহের ২১ ও ৯ ভেন্টের গেট সচল রাখার ফলে পানি নিষ্কাশন হচ্ছে। এর সঙ্গে বিভিন্ন বিলে পর্যায়ক্রমে টিআরএম চালু করা গেলে জলাবদ্ধতার দীর্ঘমেয়াদি সমাধান সম্ভব।
এ ক্ষেত্রে অতীতের কয়েকটি সফল উদ্যোগের উদাহরণ তুলে ধরেছেন তাঁরা। স্মারকলিপিতে বলা হয়েছে, ১৯৯০ সালে বিল ডাকাতিয়া, ১৯৯৭ সালে বিল ভায়না, ২০০০ সালে বিল কেদারিয়া এবং ২০০৬ সালে বিল খুকশিয়ায় টিআরএম কার্যক্রম সফল হয়েছিল। বিশেষ করে বিল খুকশিয়ায় টিআরএম বাস্তবায়নে সাবেক মন্ত্রী মরহুম তরিকুল ইসলামের দূরদর্শী নেতৃত্ব গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল।
আন্দোলনকারীরা আরও জানান, গত ১৬ মে ২০২৬ যশোর শিল্পকলা একাডেমিতে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, স্থানীয় সংসদ সদস্য এবং ক্ষতিগ্রস্ত জনপদের প্রতিনিধিদের উপস্থিতিতে একটি জাতীয় কর্মশালা অনুষ্ঠিত হয়। সেখানে ভবদহের জলাবদ্ধতা নিরসনে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা সর্বসম্মতিক্রমে গৃহীত হয়েছিল।
পরবর্তী সময়ে পানি উন্নয়ন বোর্ডের নিয়োগ করা ইনস্টিটিউট অব ওয়াটার মডেলিং (আইডব্লিউএম) গত সেপ্টেম্বরে চূড়ান্ত প্রস্তাবনা পানি উন্নয়ন বোর্ডের কাছে জমা দিয়েছে। আন্দোলনকারীদের মতে, এই পরিকল্পনা বাস্তবায়নের মধ্য দিয়েই ভবদহের জলাবদ্ধতা নিরসনের কার্যকর পথ তৈরি হতে পারে।
তাঁদের আশঙ্কা, নদী-খালের নাব্যতা ফিরিয়ে আনা এবং টিআরএম বাস্তবায়নের পরিবর্তে নতুন করে সেচনির্ভর প্রকল্প গ্রহণ করা হলে জলাবদ্ধতার সংকট আরও বিস্তৃত হবে। এতে ক্ষতিগ্রস্ত হবে কৃষিজমি, বিপর্যস্ত হবে জনজীবন এবং দীর্ঘস্থায়ী হবে এলাকার মানুষের দুর্ভোগ।
স্মারকলিপি প্রদানকারীদের মধ্যে যারা ছিলেন
স্মারকলিপি দেওয়ার সময় উপস্থিত ছিলেন ভবদহ পানি নিষ্কাশন সংগ্রাম কমিটির প্রধান উপদেষ্টা ইকবাল কবির জাহিদ, ভারপ্রাপ্ত আহ্বায়ক গাজী আব্দুল হামিদ, সদস্যসচিব চৈতন্য কুমার পাল, উত্তরণের কেন্দ্রীয় পানি কমিটির সভাপতি ও ভবদহ মহাবিদ্যালয়ের সাবেক অধ্যক্ষ আব্দুল মতলেব সরদার, ২৭ বিল বাঁচাও আন্দোলন কমিটির আহ্বায়ক বাবুর আলী গোলদার এবং ভবদহ পানি নিষ্কাশন ও কৃষিজমি রক্ষা জোটের সদস্যসচিব মো. আব্দুল লতিফ।
এ ছাড়া উপস্থিত ছিলেন অভয়নগরের পায়রা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো. ফিরোজ আলম, সুন্দলী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান বিকাশ মল্লিক, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান ইমাদ উদ্দীন গাজী, অধ্যাপক অনিল বিশ্বাস, শিবপদ বিশ্বাস, সৈয়দ সিরাজুল হক ও নূর জালাল হোসেন।

























