আওয়ামী লীগ আর রাজনীতিতে ফিরতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

- সংবাদ প্রকাশের সময় : ০৫:০৯:৫২ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬ ৬ বার পড়া হয়েছে
দলটির কার্যক্রম নিষিদ্ধ ও নিবন্ধন স্থগিতের কথা উল্লেখ করে সালাহউদ্দিন আহমদ বললেন, পলাতক শেখ হাসিনাকে দেশে ফিরতে হবে প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী; শ্রমিক অসন্তোষের পেছনে রাজনৈতিক ষড়যন্ত্র দেখছে সরকার
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ভবিষ্যতে আর বাংলাদেশে ফিরে গণতান্ত্রিক রাজনীতি করতে পারবে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তাঁর দাবি, ২০২৪ সালের গণঅভ্যুত্থানে গণহত্যার পর দলটি রাজনৈতিক দলের স্বীকৃতি হারিয়েছে। একই সঙ্গে পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার বিষয়ে তিনি বলেছেন, প্রত্যর্পণ চুক্তি অনুসারেই তাঁকে ফিরতে হবে।
বুধবার (২৫ নভেম্বর) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে সমসাময়িক বিষয় নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।
আওয়ামী লীগের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে সালাহউদ্দিন আহমদ বলেন, রাজনৈতিক দল হিসেবে নয়, নিজেদের কর্মকাণ্ডের মধ্য দিয়ে আওয়ামী লীগ একটি সন্ত্রাসী গোষ্ঠীতে পরিণত হয়েছে। ২০২৪ সালের গণঅভ্যুত্থানে গণহত্যার মধ্য দিয়ে দলটির পতন ও পলায়নের পর রাজনৈতিক দল হিসেবে তাদের কোনো স্বীকৃতি নেই। বাংলাদেশের মানুষও তা দেবে না।
তিনি বলেন, ইতিহাসে গণহত্যাকারী ফ্যাসিস্ট ও মাফিয়া শক্তির রাজনীতিতে ফিরে আসার নজির নেই। জার্মানির নাৎসি বাহিনীর উদাহরণ টেনে তিনি বলেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগও আর কখনো বাংলাদেশে প্রত্যাবর্তন করতে বা গণতান্ত্রিক রাজনীতি করতে পারবে না।
পলাতক সাবেক প্রধানমন্ত্রীর দেশে ফেরার ঘোষণা প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, তিনি কীভাবে দেশে ফিরতে চান, তা আন্তর্জাতিক ও দেশীয় গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। তবে দণ্ডপ্রাপ্ত আসামি হিসেবে তাঁকে প্রত্যর্পণ চুক্তি অনুসারেই দেশে ফিরতে হবে।
সালাহউদ্দিন আহমদ বলেন, সরকার ইতোমধ্যে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে কূটনৈতিক চ্যানেলে সংশ্লিষ্ট দেশকে চিঠি দিয়েছে। ওই দেশও আইনানুগভাবে বিষয়টি পরীক্ষা-নিরীক্ষা করে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে।
শেখ হাসিনার দেশে ফেরার সম্ভাব্য সময় নিয়ে বিভিন্ন বক্তব্যের প্রসঙ্গ তুলে তিনি বলেন, ‘আসিব আসিব বলিয়া’ কতদিন পার হবে? কখনো নভেম্বর, কখনো ডিসেম্বর, আবার কখনো ১৬ ডিসেম্বরের কথা বলা হচ্ছে। এসব নিয়ে সরকারের কোনো উদ্বেগ বা চাপ নেই। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সব সময় সতর্ক অবস্থানে রয়েছে।
স্বরাষ্ট্রমন্ত্রী অভিযোগ করেন, পলাতক নেতারা সীমান্তের ওপারে পশ্চিম ও পূর্বাঞ্চলে অবস্থান করে দেশে থাকা নেতা-কর্মীদের মশাল মিছিল, লকডাউন, শাটডাউন ও হরতালের মতো কর্মসূচি পালনের নির্দেশ দিচ্ছেন। তাঁর ভাষ্য, এসব নির্দেশনার মাধ্যমে দেশে থাকা নেতা-কর্মীদের প্রতারণা ও বিপদের মুখে ঠেলে দেওয়া হচ্ছে।
তিনি বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ধৈর্য ও কৌশলের সঙ্গে পরিস্থিতি মোকাবিলা করেছে। এতে প্রাণহানি বা সম্পদহানির ঘটনা ছাড়াই আগের অপচেষ্টা ভণ্ডুল করা সম্ভব হয়েছে। ভবিষ্যতে কেউ উগ্রবাদী তৎপরতা, অগ্নিসন্ত্রাস কিংবা মানুষের জানমালের ক্ষতি করার চেষ্টা করলে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
বিভিন্ন জেলায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েনের বিষয়ে তিনি বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কোনো এলাকায় অস্থিরতা সৃষ্টির আশঙ্কা দেখা দিলে পুলিশের পাশাপাশি বিজিবি ও অন্যান্য বাহিনী মোতায়েন করা নিয়মিত কার্যক্রমের অংশ।
আওয়ামী লীগকে দল হিসেবে নিষিদ্ধ করার প্রশ্নে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিষয়টি এখনো বিচারিক প্রক্রিয়ার মধ্যে রয়েছে। আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনাল) (সংশোধন) আইন, ২০২৬ এবং সংবিধানের ৪৭ অনুচ্ছেদ অনুযায়ী, মানবতাবিরোধী অপরাধে ব্যক্তির পাশাপাশি দল বা সংগঠনকেও বিচারের আওতায় আনার বিধান রয়েছে।
তিনি জানান, অন্তর্বর্তী সরকারের সময়ে প্রজ্ঞাপনের মাধ্যমে আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনগুলোর কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে। পাশাপাশি নির্বাচন কমিশন দলটির নিবন্ধন স্থগিত রেখেছে।
গোপালগঞ্জে নাশকতা এবং পুলিশের কিছু কর্মকর্তার সম্পৃক্ততা নিয়ে প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সরকারি চাকরিতে থেকে রাজনৈতিক পক্ষপাতিত্ব বা ষড়যন্ত্রে জড়িত থাকার সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে কয়েকজন পুলিশ কর্মকর্তাকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ ও বিভাগীয় মামলা হয়েছে। সম্প্রতি গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার বাসিন্দা ও সেখানে কর্মরত একজন অতিরিক্ত পুলিশ সুপারকেও ক্লোজ করা হয়েছে।
গার্মেন্টস খাতে শ্রমিক অসন্তোষ নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সালাহউদ্দিন আহমদ বলেন, মালিক ও শ্রমিক প্রতিনিধিদের সম্মতিতে মজুরি বোর্ডের মাধ্যমে গণতান্ত্রিক প্রক্রিয়ায় ন্যূনতম মজুরি নির্ধারণ ও স্বাক্ষরিত হয়েছে। তাঁর দাবি, প্রকৃত শ্রমিক ও মালিকেরা এতে সন্তুষ্ট।
তিনি বলেন, বর্তমানে শ্রমিক অধ্যুষিত এলাকায় গুজব ছড়িয়ে যারা বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করছে, তারা প্রকৃত শ্রমিক নয়। একটি মহল শ্রমিক অসন্তোষকে রাজনৈতিক ষড়যন্ত্রের হাতিয়ার হিসেবে ব্যবহার করতে চাইছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ধৈর্যের সঙ্গে পরিস্থিতি মোকাবিলা করছে এবং এর পেছনে কারা ইন্ধন দিচ্ছে, তা খতিয়ে দেখা হচ্ছে।
স্বরাষ্ট্রমন্ত্রী জানান, মহান বিজয় দিবস নির্বিঘ্নে উদ্যাপনের লক্ষ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নেতৃত্বে আন্তমন্ত্রণালয় সভা হয়েছে। ওই সভার মাধ্যমে নিরাপত্তাসহ প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।
এ ছাড়া ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠকের বিষয়ে তিনি বলেন, প্রধানমন্ত্রী ইতোমধ্যে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কয়েকজন নেতার সঙ্গে সাক্ষাৎ করেছেন। জোটগতভাবে অন্যান্য রাজনৈতিক দলের সঙ্গেও আলোচনার পরিকল্পনা রয়েছে।





















