মালয়েশিয়ার প্রলোভনে সাগরে জিম্মি-বাণিজ্য

- সংবাদ প্রকাশের সময় : ১২:০৭:৫৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬ ৮ বার পড়া হয়েছে
ছয় দিন ট্রলারে আটকে রেখে নির্যাতনের অভিযোগ, সাতজনকে সাগরে ফেলে দেওয়ার দাবি; কক্সবাজার সৈকত থেকে নারী-শিশুসহ ২৮ জন উদ্ধার
মালয়েশিয়ায় পাঠানোর স্বপ্ন দেখিয়ে প্রথমে বাড়িতে বন্দী, পরে অস্ত্রের মুখে সাগরে নিয়ে জিম্মি। সেখানে ছয় দিন আটকে রেখে নির্যাতনের পাশাপাশি জনপ্রতি দাবি করা হয় প্রায় ৫০ লাখ টাকা মুক্তিপণ। টাকা না পেলে মিয়ানমারের দালালদের হাতে তুলে দেওয়ার হুমকিও দেওয়া হয়। এমনকি ট্রলারে থাকা সাতজনকে সাগরে ফেলে দেওয়ার অভিযোগও করেছেন উদ্ধার হওয়া ব্যক্তিরা।
টেকনাফকেন্দ্রিক মানবপাচার ও অপহরণচক্রের এমন ভয়াবহ কর্মকাণ্ডের অভিযোগ সামনে এসেছে কক্সবাজার সমুদ্রসৈকতের শৈবাল পয়েন্ট থেকে নারী ও শিশুসহ ২৮ জন উদ্ধারের পর। শুক্রবার রাত ১০টার দিকে মালয়েশিয়াগামী একটি ট্রলার সৈকতের কাছে আটকে গেলে এ ঘটনা প্রকাশ্যে আসে। উদ্ধার ব্যক্তিদের ভাষ্য, পাচারকারীদের সঙ্গে সংঘর্ষের পর তাঁরা ট্রলিটির নিয়ন্ত্রণ নিয়ে কক্সবাজারের দিকে রওনা হন। পরে চক্রের সদস্যরা পালিয়ে যায়।
কক্সবাজার জেলা প্রশাসনের বিচকর্মীরা জানান, ট্রলার থেকে কয়েকজন নেমে পালানোর চেষ্টা করলে স্থানীয় লোকজনের সহায়তায় ঘটনাস্থলে পৌঁছান বিচকর্মী ও ট্যুরিস্ট পুলিশ। পরে জেলা পুলিশ ও কোস্টগার্ডের সদস্যরা ট্রলারে তল্লাশি চালিয়ে ২৮ জনকে উদ্ধার করেন। তাঁদের মধ্যে ২৪ জন পুরুষ, দুজন নারী ও দুজন শিশু।
উদ্ধার ব্যক্তিদের অভিযোগ, মালয়েশিয়ায় পাঠানোর প্রলোভন দেখিয়ে তাঁদের বিভিন্ন বাড়িতে আটকে রাখা হয়েছিল। কেড়ে নেওয়া হয়েছিল মুঠোফোন। পরে অস্ত্রের মুখে জিম্মি করে ছোট নৌকায় করে গভীর সমুদ্রে বড় ট্রলারে নেওয়া হয়। সেখানে নির্যাতন করে পরিবারের কাছে মুক্তিপণ দাবি করা হয়।
বাড়িতে বন্দী, পরে সাগরের ট্রলারে
উখিয়ার কোটবাজার এলাকার রিদুয়ান হোসাইন জানান, দুই বন্ধু ইমন ও ফয়েজ আহমদকে নিয়ে টেকনাফে এক পরিচিত ব্যক্তির কাছে বেড়াতে গিয়েছিলেন তিনি। সেখানে তাঁদের একটি ঘরে আটকে রাখা হয়। পরে বুঝতে পারেন, তাঁরা মানবপাচারকারী চক্রের হাতে পড়েছেন।
রিদুয়ানের ভাষ্য, তাঁদের মুঠোফোন কেড়ে নিয়ে বাইরের যোগাযোগ বন্ধ করে দেওয়া হয়। লাঠি, দা ও বিভিন্ন অস্ত্র নিয়ে লোকজন পাহারা দিত। আট থেকে নয় দিন আটকে রাখার পর এক রাতে মেরিন ড্রাইভ দিয়ে বালুচরের একটি স্থানে নিয়ে যাওয়া হয় তাঁদের। সেখানে নারীসহ প্রায় ৪০ জনকে দুটি ছোট নৌকায় তুলে গভীর সমুদ্রে একটি বড় ট্রলারে নেওয়া হয়।
তিনি বলেন, ট্রলারে প্রথমে চার দিন এবং পরে আরেকটি নৌকায় আরও দুই দিন থাকতে হয়েছে। দিনে দুই বেলা সামান্য খাবার দেওয়া হতো। একপর্যায়ে তাঁদের কাছে জনপ্রতি প্রায় ৫০ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়।
রিদুয়ানের অভিযোগ, মুক্তিপণের বিষয় নিয়ে কয়েকজন বয়স্ক ব্যক্তি মাঝির সঙ্গে কথা বলতে গেলে তাঁদের একজনকে মারধর করা হয়। এরপর ট্রলারে থাকা ব্যক্তিদের সঙ্গে অস্ত্রধারীদের ধস্তাধস্তি শুরু হয়। একপর্যায়ে দালালচক্রের সদস্যরা পালিয়ে গেলে কয়েকজন ভুক্তভোগী ট্রলির নিয়ন্ত্রণ নিয়ে কক্সবাজারের দিকে রওনা হন।
কোল থেকে সন্তান কেড়ে নেওয়ার অভিযোগ
উদ্ধার হওয়া ব্যক্তিদের মধ্যে নারী ও শিশুও রয়েছে। টেকনাফের সাবরাং এলাকার নাসিমা জানান, সন্ধ্যায় একজনের সঙ্গে কোথাও যাওয়ার সময় কয়েকজন ব্যক্তি হঠাৎ তাঁর কোল থেকে সন্তান কেড়ে নেন। সন্তানের পেছনে দৌড়ালে তাঁকেও ধরে একটি বাড়িতে আটকে রাখা হয়।
নাসিমার অভিযোগ, সেখানে দীর্ঘদিন আটকে রাখা হলেও কারও সঙ্গে যোগাযোগ করতে দেওয়া হয়নি। সন্তানকে নিয়ে বন্দী অবস্থায় চরম অসহায়ত্বের মধ্যে দিন কাটাতে হয়েছে তাঁকে।
অন্যদিকে, এক বাবা অভিযোগ করেন, তাঁর সন্তানকে আটকে রেখে ফোনে এক লাখ ২০ হাজার টাকা মুক্তিপণ দাবি করা হয়েছিল। টাকা না দিলে সন্তানকে মিয়ানমারের দালালদের হাতে তুলে দেওয়ার হুমকিও দেওয়া হয়।
কাজ ও বিদেশে চাকরির প্রলোভনেও অপহরণ
চকরিয়ার এক রাজমিস্ত্রি জানান, কাজের কথা বলে পরিচিত এক ব্যক্তির সঙ্গে টেকনাফে গিয়ে তিনি অপহরণের শিকার হন। জমি মাপজোখের কাজ শেষে হিসাব করার কথা বলে তাঁদের একটি বাসায় নেওয়া হয়। সেখানে যাওয়ার পর দরজা বন্ধ করে চাকু দেখিয়ে ভয় দেখানো হয় এবং মুঠোফোন কেড়ে নেওয়া হয়।
পরে সুপারি বাগানের ভেতরের একটি ভবনে প্রায় সাত দিন আটকে রাখা হয় তাঁদের। ঠিকমতো খাবার দেওয়া হতো না, কারও সঙ্গে যোগাযোগের সুযোগও ছিল না।
মুক্তার হোসেন নামের আরেক ভুক্তভোগী জানান, নারায়ণগঞ্জে চাকরি করার সময় এক বন্ধুর মাধ্যমে মালয়েশিয়ায় যাওয়ার প্রস্তাব পান। প্রথমে সাড়ে তিন লাখ টাকা চাওয়া হলেও পরে তিন লাখ টাকায় পাঠানোর কথা বলা হয়। দালালের দেওয়া ঠিকানায় কক্সবাজারে পৌঁছানোর পর তাঁকে একটি কক্ষে আটকে রাখা হয়। সেখানে আরও অনেককে বন্দী অবস্থায় দেখতে পান তিনি।
সাতজনকে সাগরে ফেলে দেওয়ার দাবি
উদ্ধার হওয়া কলা ব্যবসায়ী মোহাম্মদ জাহাঙ্গীরের দাবি, তাঁদের ট্রলারে মোট ৭২ জন ছিলেন। দালালচক্রের সদস্যরা সাতজনকে সাগরে ফেলে দেন। পরে কয়েকজন মিলে ট্রলারের নিয়ন্ত্রণ নিয়ে কক্সবাজারের দিকে রওনা হন।
জাহাঙ্গীর বলেন, শৈবাল পয়েন্টে ট্রলারটি আটকে গেলে সবাই নেমে ঝাউবাগানের দিকে পালিয়ে যান। পরে স্থানীয় লোকজন তাঁদের আটকে বসিয়ে রাখেন।
টেকনাফের কচুবনিয়া এলাকার ইলিয়াছের অভিযোগ, দালালচক্রের সদস্যদের অতিরিক্ত মারধরের প্রতিবাদ করায় ট্রলারে সংঘর্ষ বাধে। একপর্যায়ে চক্রের সদস্যরা অন্য একটি ট্রলারে করে পালিয়ে যায়। দুজনকে আটক করা হলেও পরে তাঁরাও পালিয়ে যান বলে দাবি করেন তিনি।
স্বজনদের ফোন করে মুক্তিপণ দাবি
উদ্ধারের খবর পেয়ে কক্সবাজার সদর মডেল থানায় ছুটে আসেন নিখোঁজ ব্যক্তিদের স্বজনেরা। উখিয়ার রত্নাপালং ইউনিয়নের সাইফুল ইসলাম জানান, ১০ দিন ধরে ছেলের কোনো খোঁজ পাচ্ছিলেন না। এর মধ্যে একটি মুঠোফোন নম্বর থেকে তাঁকে ফোন করে ছেলের কবর পেয়েছেন কি না, তা জানতে চাওয়া হয়। পরে ছেলের সঙ্গে কথা বলিয়ে দেওয়া হলে সে কান্নাজড়িত কণ্ঠে জানায়, তাকে মারধর করে বেঁধে রাখা হয়েছে।
সাইফুল ইসলামের অভিযোগ, ফোনের অপর প্রান্ত থেকে ছেলেকে ফেরত পেতে এক লাখ ২০ হাজার টাকা দাবি করা হয়। দেড় ঘণ্টার মধ্যে সিদ্ধান্ত জানাতে বলা হয়। টাকা দিতে না পারলে ছেলেকে মিয়ানমারের দালালদের হাতে তুলে দেওয়ার হুমকিও দেওয়া হয়।
আরেক অভিভাবক আবু তাহের জানান, তাঁর ছেলে দোকানে যাওয়ার জন্য বাড়ি থেকে বের হওয়ার পর নিখোঁজ হয়। পরে জানতে পারেন, মালয়েশিয়ায় পাঠানোর প্রলোভন দেখিয়ে তাঁকে নিয়ে যাওয়া হয়েছে। এ ঘটনায় আব্দুল আজিজ নামের এক ব্যক্তিসহ দুজনের বিরুদ্ধে অভিযোগ করেছেন তাঁরা।
ভুক্তভোগী ও তাঁদের স্বজনদের অভিযোগ, টেকনাফকেন্দ্রিক একটি চক্র দীর্ঘদিন ধরে অপহরণ ও মানবপাচারের সঙ্গে জড়িত। তাঁদের চিহ্নিত করে গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তাঁরা।
মামলা হয়েছে, স্বজনদের জিম্মায় ২৮ জন
উদ্ধার হওয়া ২৮ জনকে রাতে কক্সবাজার সদর মডেল থানায় নেওয়া হয়। তাঁদের কাছ থেকে ঘটনার বিস্তারিত তথ্য সংগ্রহ করে পুলিশ।
কক্সবাজার সদর মডেল থানার পরিদর্শক (ওসি) শেখ মুহাম্মদ আলী বলেন, উদ্ধার হওয়া ব্যক্তিদের কাছ থেকে তথ্য সংগ্রহ করা হয়েছে। তাঁদের দেওয়া তথ্যের ভিত্তিতে মানবপাচারে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে মামলা করা হয়েছে। ঘটনায় জড়িত সবাইকে আইনের আওতায় আনা হবে।
তিনি আরও জানান, উদ্ধার হওয়া ব্যক্তিদের তাঁদের স্বজনদের জিম্মায় হস্তান্তর করা হয়েছে।

























