পাগলা মসজিদের দানবাক্সে শেখ হাসিনাকে দেশে ফেরানোর প্রার্থনা জানিয়ে চিঠি

- সংবাদ প্রকাশের সময় : ০৩:৪৬:৩৫ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬ ২০ বার পড়া হয়েছে
প্রায় পাঁচ মাস পর কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্স খোলার পর এবার পাওয়া গেল সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার নামে লেখা একটি চিঠি। শনিবার (২১ নভেম্বর) দানবাক্সের টাকা গণনার সময় চিঠিটি পাওয়া যায়। এতে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার জন্য মহান আল্লাহর কাছে প্রার্থনা জানিয়েছেন লেখক। একই সঙ্গে তাঁকে ছাড়া দেশ অচল বলেও উল্লেখ করা হয়েছে।
চিঠির শুরুতে লেখা রয়েছে, ‘বিসমিল্লাহির রাহমানির রাহিম, জয় বাংলা-জয় বঙ্গবন্ধু।’ এরপর বলা হয়েছে, ‘এ দেশ শেখ হাসিনার কাছে নিরাপদ, আর কারও কাছে নিরাপদ নয়।’
চিঠিতে শেখ হাসিনাকে আবারও বাংলাদেশের মাটিতে ফিরিয়ে আনার জন্য মহান আল্লাহর কাছে প্রার্থনা করা হয়েছে। এতে আরও লেখা হয়েছে, ‘শেখ হাসিনা ছাড়া এ দেশ অচল।’ চিঠির শেষাংশে ‘বাংলার ১৮ কোটি মানুষের দাবি’ উল্লেখ করে শুভেচ্ছান্তে ‘কেন্দুয়া থানা আওয়ামী লীগ’ লেখা রয়েছে।
পাগলা মসজিদে প্রতিদিনই নানা নিয়ত, মানত ও মনোবাসনা নিয়ে মানুষ দান করেন। দানের অর্থের পাশাপাশি মাঝেমধ্যে দানবাক্সে পাওয়া যায় ব্যক্তিগত আবেগ, আশা-আকাঙ্ক্ষা ও নানা বার্তা লেখা চিঠি। শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার প্রার্থনা জানিয়ে লেখা এই চিঠিও তেমনই একটি বার্তা।
মনোবাসনা পূরণের আশায় প্রতিদিন হাজারো মানুষ পাগলা মসজিদে নামাজ আদায় ও দান করতে আসেন। বিশেষ করে শুক্রবার দেশের বিভিন্ন প্রান্ত থেকে বিপুলসংখ্যক মুসল্লি মসজিদটিতে নামাজ পড়তে ও দান করতে আসেন। ফলে দানবাক্সে অর্থের পাশাপাশি মানুষের ব্যক্তিগত অনুভূতি ও নানা আকাঙ্ক্ষারও প্রকাশ ঘটে।





















