গোপালগঞ্জে ঢাকা-খুলনা মহাসড়কে যান চলাচল শুরু, অবরুদ্ধ টুঙ্গিপাড়া

- সংবাদ প্রকাশের সময় : ০১:৩৬:৪০ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬ ১৫ বার পড়া হয়েছে
দুই দিনের অবরোধের পর স্বাভাবিক হচ্ছে পরিস্থিতি; নতুন করে ছয় প্লাটুন বিজিবি মোতায়েন, জেলায় মোট ২১ প্লাটুন
টানা দুই দিনের অবরোধের পর গোপালগঞ্জের ওপর দিয়ে যাওয়া ঢাকা-খুলনা মহাসড়কে যান চলাচল শুরু হয়েছে। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাত ১২টার পর ফায়ার সার্ভিসের সদস্যরা সড়ক থেকে অবরোধ সরিয়ে নিলে ধীরে ধীরে যানবাহন চলাচল স্বাভাবিক হয়। তবে ঢাকা-পিরোজপুর মহাসড়কের টুঙ্গিপাড়া অংশে এখনো অবরোধ থাকায় ওই পথে যান চলাচল বন্ধ রয়েছে। এতে কার্যত অবরুদ্ধ হয়ে পড়েছে টুঙ্গিপাড়া।
বৃহস্পতিবারের সহিংস ঘটনার পর শুক্রবার সকাল থেকে জেলার সার্বিক পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক হতে শুরু করেছে। শহরের দোকানপাট খুলেছে, শহরতলিতে চলাচল করছে যানবাহন। প্রয়োজনীয় কাজে ঘর থেকে বের হচ্ছেন মানুষ। তবে সহিংসতার আতঙ্ক কাটেনি। সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ থাকায় শহরজুড়ে এখনো থমথমে পরিবেশ বিরাজ করছে।
জেলার ৬৭ কিলোমিটার ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ অংশ থেকে অবরোধ তুলে নেওয়ায় রাত ১২টার পর যান চলাচল শুরু হয়। কিন্তু ঢাকা-পিরোজপুর মহাসড়কের টুঙ্গিপাড়া অংশে অবরোধ বহাল থাকায় ওই সড়কে যানবাহন চলাচল বন্ধ রয়েছে।
এদিকে, শুক্রবার সকাল ৯টার পর থেকে জেলার বিভিন্ন স্থানে পুলিশ সদস্যদের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে দায়িত্ব পালন করতে দেখা গেছে। জেলা প্রশাসকের কার্যালয়ে অবস্থান নিয়েছেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। সেখানে রয়েছেন আনসার সদস্যরাও।
পরিস্থিতি নিয়ন্ত্রণে জেলায় নতুন করে আরও ছয় প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। এ নিয়ে জেলায় মোট ২১ প্লাটুন বিজিবি দায়িত্ব পালন করছে। পাশাপাশি মোতায়েন রয়েছেন আট প্লাটুন আনসার সদস্য।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বাড়তি তৎপরতায় পরিস্থিতি কিছুটা স্থিতিশীল হলেও বৃহস্পতিবারের সহিংসতার রেশ এখনো কাটেনি। জেলার বিভিন্ন এলাকায় সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ ও উৎকণ্ঠা বিরাজ করছে।
এর আগে ১৯ নভেম্বর সারা দেশে আওয়ামী লীগের ডাকা লকডাউন কর্মসূচি সফল করতে বুধবার বিকেল থেকে গোপালগঞ্জের বিভিন্ন স্থানে ঢাকা-খুলনা মহাসড়কে গাছ কেটে অবরোধ তৈরি করেন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা। এর জেরে বৃহস্পতিবার দিনভর উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করে জেলাজুড়ে।
ওই দিন গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য সেলিমুজ্জামান সেলিমের বাড়ি এবং তাঁর সহযোগীদের বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এ ছাড়া গোপালগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ডা. কে এম বাবরের ব্যক্তিগত ক্লিনিক, মুকসুদপুর থানা ও গ্রামীণ ব্যাংকে আগুন দেওয়ার খবর পাওয়া যায়।





















