বললেন তথ্য উপদেষ্টা
নিষিদ্ধ আ’ লীগের সঙ্গে সম্পৃক্ততা থাকলে কঠোর নজরদারি

- সংবাদ প্রকাশের সময় : ০৩:৫২:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬ ৯ বার পড়া হয়েছে
চাকরিরত অবস্থায় প্রজাতন্ত্রের কোনো কর্মকর্তা-কর্মচারী কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে যুক্ত আছেন কি না, তা কঠোরভাবে তদারকি করছে সরকার। তবে এ নজরদারি কীভাবে পরিচালিত হচ্ছে, তা গোপনীয়তার স্বার্থে প্রকাশ করা সম্ভব নয় বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।
মঙ্গলবার (১৭ নভেম্বর) সচিবালয়ে সরকারের চলমান কর্মকাণ্ড নিয়ে আয়োজিত সাপ্তাহিক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। এ সময় তথ্য অধিদপ্তরের প্রধান তথ্য কর্মকর্তা সৈয়দ আবদাল আহমদ উপস্থিত ছিলেন।
জাহেদ উর রহমান বলেন, দীর্ঘ সময় আওয়ামী লীগ রাষ্ট্রক্ষমতায় থাকায় অতীতে অনেক মানুষ দলটির সঙ্গে যুক্ত ছিলেন। এতে কোনো সমস্যা নেই। প্রজাতন্ত্রের কর্মচারীরাও তাঁদের দায়িত্ব পালন করছেন। কিন্তু চাকরিতে থাকা অবস্থায় কোনো সরকারি কর্মকর্তা-কর্মচারী যদি বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ দলটির সঙ্গে সম্পৃক্ত থাকেন, তা অত্যন্ত উদ্বেগজনক ও ভয়ংকর বিষয়।
তিনি বলেন, সরকার বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখছে। এ বিষয়ে সরকারের নিজস্ব ‘মেকানিজম’ ও প্রয়োজনীয় হাতিয়ার রয়েছে। এর মাধ্যমে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করতে সক্ষম সরকার। তবে নজরদারির প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত জানাতে চাননি তিনি।
সংবাদ সম্মেলনে তৈরি পোশাক খাতের পরিস্থিতি নিয়েও কথা বলেন তথ্য উপদেষ্টা। তিনি জানান, দ্রুততম সময়ের মধ্যে পোশাকশ্রমিকদের নতুন মজুরি কাঠামো ঘোষণা করা হবে। শ্রমিকদের জীবনযাত্রার ব্যয় কিছুটা সহনীয় রাখতে ইতোমধ্যে ৩০ টাকা কেজি দরে চাল বিক্রির কার্যক্রম শুরু হয়েছে।
তবে মজুরি বৃদ্ধির দাবিতে চলমান শ্রমিক আন্দোলনে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ অনুপ্রবেশ করে সুযোগ নেওয়ার চেষ্টা করছে বলে অভিযোগ করেন তিনি। এ ধরনের অপতৎপরতা ঠেকাতে সরকারের গোয়েন্দা ও প্রশাসনিক নজরদারি জোরদার রয়েছে বলেও জানান উপদেষ্টা।
গঙ্গার পানি বণ্টন চুক্তি নবায়নের বিষয়ে এক প্রশ্নের জবাবে ডা. জাহেদ উর রহমান বলেন, চুক্তিটি নবায়নে বাংলাদেশ সরকার সম্পূর্ণ প্রস্তুত। তবে ভারতের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক সাড়া বা হালনাগাদ তথ্য পাওয়া যায়নি। ফলে চুক্তি নবায়নের বিষয়ে সুনির্দিষ্ট কোনো সম্ভাবনা এখনো দৃশ্যমান নয়।
তিনি স্পষ্ট করেন, পানি বণ্টন চুক্তির বিষয়টির সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের আসন্ন ভারত সফরের কোনো সম্পর্ক নেই।
১৯৯৬ সালের ১২ ডিসেম্বর বাংলাদেশ ও ভারতের মধ্যে স্বাক্ষরিত ৩০ বছর মেয়াদি গঙ্গার পানি বণ্টন চুক্তির মেয়াদ আগামী ১২ ডিসেম্বর শেষ হওয়ার কথা।
গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাম্প্রতিক সহিংস কর্মকাণ্ড প্রসঙ্গে তথ্য উপদেষ্টা বলেন, কোনো ধরনের সহিংসতা সরকার সহ্য করবে না। এসব কর্মকাণ্ডে জড়িত ব্যক্তিদের অবশ্যই আইনের আওতায় আনা হবে।
তিনি জানান, জানমালের ক্ষয়ক্ষতি এড়াতে সেখানে কম বলপ্রয়োগের মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করা হচ্ছে।
দেশে সুস্থ সাংস্কৃতিক কর্মকাণ্ডের পরিধি বাড়ানোর পরিকল্পনার কথাও জানান জাহেদ উর রহমান। তিনি বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনায় সুস্থ ধারার সাংস্কৃতিক কার্যক্রম উৎসাহিত করা হবে। যাত্রাপালা বা সার্কাস পরিচালনায় কোনো বাধা নেই। তবে এসব আয়োজনের আড়ালে অশ্লীলতা বা অনৈতিক কর্মকাণ্ড বরদাশত করা হবে না।





















