ভোরের ঝুম বৃষ্টিতে ভিজল রাজধানী, বজ্রপাতসহ বৃষ্টির পূর্বাভাস

- সংবাদ প্রকাশের সময় : ০৯:৫৯:৫৯ পূর্বাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬ ২০ বার পড়া হয়েছে
ভোর থেকেই বজ্রপাতসহ ভারী বৃষ্টির দেখা মিলল রাজধানীতে। আবহাওয়া অধিদপ্তর বলছে, আজ সারাদিন ঢাকায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
বুধবার (১১ নভেম্বর) ভোর পৌনে ৬টার দিকে শুরু হওয়া বৃষ্টির সঙ্গে ছিল বজ্রপাত ও বিদ্যুতের ঝলকানি। হঠাৎ বৃষ্টিতে ভোরের নগরজীবনে কিছুটা ছন্দপতন ঘটে।
ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টির সম্ভাবনার কথা আগেই জানিয়েছিল আবহাওয়া অধিদপ্তর। সংস্থাটির পূর্বাভাস অনুযায়ী, মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করায় দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
আবহাওয়া অধিদপ্তর জানায়, বুধবার বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা ও সিলেট বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
তবে দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এদিকে আগামী কয়েক দিনে দেশের কোথাও কোথাও রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে।





















