শেখ হাসিনার পাসপোর্ট আবেদনের সত্যতা যাচাই হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী

- সংবাদ প্রকাশের সময় : ০৫:৪২:১৫ অপরাহ্ন, সোমবার, ৯ নভেম্বর ২০২৬ ২৩ বার পড়া হয়েছে
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) জন্য আবেদন করার খবরের সত্যতা এবং এর আইনি ভিত্তি যাচাই করা হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। আবেদনটি যথাযথভাবে করা হয়েছে কি না এবং শেখ হাসিনার এ ধরনের আবেদন করার আইনগত অধিকার রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।
সোমবার (৯ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এ কথা জানান তিনি।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “আমিও বিষয়টি শুনেছি, স্ক্রল নিউজে দেখেছি, পলাতক দণ্ডিত আসামি শেখ হাসিনা তার পাসপোর্টের জন্য এবং এনআইডির জন্য আবেদন করেছেন। কিন্তু এর সত্যতা আমি এখনো যাচাই করতে পারিনি।”
তিনি জানান, বিষয়টি নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় ও আইন মন্ত্রণালয় খোঁজখবর নিচ্ছে। আবেদনটির সত্যতা, আইনি ভিত্তি এবং আবেদন করার অধিকার রয়েছে কি না—এসব বিষয়ে বিস্তারিত যাচাই করা হচ্ছে।
স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, সংশ্লিষ্ট আইন ও বিধিবিধান পর্যালোচনার পর পররাষ্ট্র মন্ত্রণালয় অথবা আইন মন্ত্রণালয় প্রয়োজনীয় পদক্ষেপ নেবে।
তিনি বলেন, যাচাই-বাছাই শেষ হওয়ার পরই এ বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।
























