হাম পরিস্থিতির অবনতি, ২৪ ঘণ্টায় উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু

- সংবাদ প্রকাশের সময় : ০৪:০৩:২৪ অপরাহ্ন, শনিবার, ৭ নভেম্বর ২০২৬ ১০ বার পড়া হয়েছে
দেশে হাম পরিস্থিতি নিয়ে উদ্বেগ কাটছে না। গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গ নিয়ে আরও চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ৪৯ জনের শরীরে হাম উপসর্গ ও নিশ্চিত সংক্রমণ শনাক্ত হয়েছে। এর মধ্যে উপসর্গ নিয়ে আক্রান্ত ৯৮৮ জন এবং নিশ্চিত হামে আক্রান্ত ৬১ জন।
শনিবার (৭ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুমের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব বলছে, গত ১৫ মার্চ থেকে ৭ নভেম্বর পর্যন্ত হাম উপসর্গ নিয়ে শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ৩৭ হাজার ৭০২ জনে। আর নিশ্চিত হাম রোগীর সংখ্যা বেড়ে হয়েছে ২৪ হাজার ৩৫৫ জন।
এই সময়ে হাম উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২ লাখ ১১ হাজার ৮৬৫ জন। চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ২ লাখ ৩ হাজার ২৫৭ জন।
মৃত্যুর হিসাবেও উদ্বেগজনক চিত্র উঠে এসেছে। গত ২৪ ঘণ্টায় উপসর্গ নিয়ে চারজনের মৃত্যু হওয়ায় ১৫ মার্চ থেকে এ পর্যন্ত এ ধরনের মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ১৭৫ জনে। তবে একই সময়ে নিশ্চিত হামে নতুন কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি। এ পর্যন্ত নিশ্চিত হামে প্রাণ হারিয়েছেন ১০৫ জন।
অর্থাৎ, ১৫ মার্চ থেকে ৭ নভেম্বর পর্যন্ত হাম উপসর্গ ও নিশ্চিত হাম—দুই শ্রেণিতে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ২৮০ জনে।

























