বললেন শফিকুর রহমান
হাসিনার সরকারের দেখানো পথেই হাঁটছে বর্তমান সরকার

- সংবাদ প্রকাশের সময় : ০৫:০৫:২৩ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬ ১৫ বার পড়া হয়েছে
দেশে মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠিত হয়নি; বরং সমাজে দুর্নীতি, অনিয়ম ও অন্যায় বেড়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।
তিনি অভিযোগ করেন, বিচার ও শিক্ষা বিভাগে অনিয়ম, দুর্নীতি ও দলীয়করণ প্রতিষ্ঠা করা হয়েছে। তাঁর ভাষ্য, ‘হাসিনার সরকারের দেখানো পথেই বর্তমান সরকার হাঁটছে। এ সরকার গণভোটকে অস্বীকার করছে এবং জুলাই সনদ বাস্তবায়ন করছে না।’
শুক্রবার (১৬ অক্টোবর) সকালে গাজীপুর মহানগর জামায়াতের উদ্যোগে আয়োজিত ২০২৬ সালের রুকন সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। গাজীপুরের উচিং শহীদ আব্দুল মালেক মিলনায়তনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
ডা. শফিকুর রহমান বলেন, গত নির্বাচনের আগে একটি দল প্রচার করেছিল, নির্বাচন হয়ে গেলেই সব সমস্যার সমাধান হবে। কিন্তু এখন সমস্যাগুলো দ্বিগুণ হারে বেড়েছে বলে তিনি দাবি করেন। তাঁর মতে, সাধারণ মানুষের প্রত্যাশা ছিল একটি ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করা।
বর্তমান সরকারের উদ্দেশে তিনি বলেন, ‘এভাবে চলতে থাকলে আপনাদের গন্তব্য হবে হাসিনার মতোই।’
২০২৪ সালের আন্দোলন-পরবর্তী প্রত্যাশার কথা তুলে ধরে জামায়াত আমির বলেন, জামায়াতে ইসলামী ও তরুণ সমাজ শোষণমুক্ত, বৈষম্যহীন এবং ইনসাফভিত্তিক বাংলাদেশের স্বপ্ন দেখেছিল। কিন্তু বর্তমান সরকারের সময়ে বৈষম্যের নতুন মাত্রা যুক্ত হয়েছে বলে তিনি অভিযোগ করেন।
তিনি আরও দাবি করেন, শিক্ষাঙ্গনে আগের সরকারের মতো দলীয়করণ চলছে এবং উন্নয়নমূলক কর্মকাণ্ডে অনিয়ম ও লুটপাটের প্রবণতা দেখা যাচ্ছে।
মুসলিম বিশ্বের বর্তমান পরিস্থিতি প্রসঙ্গে ডা. শফিকুর রহমান বলেন, মুসলিম দেশগুলোর মধ্যে ঐক্যের অভাব এবং রাসুল (সা.)-এর আদর্শ থেকে বিচ্যুতির কারণে মুসলিম বিশ্ব ক্ষতিগ্রস্ত হচ্ছে। বর্তমান পরিস্থিতিকে একনায়কতন্ত্রের হাত থেকে আরেক লুটেরার হাতে ক্ষমতা যাওয়ার সঙ্গে তুলনা করেন তিনি। তাঁর দাবি, জনগণের কাছে জামায়াতে ইসলামী নিরাপত্তার আশ্রয়স্থল হিসেবে বিবেচিত হচ্ছে।
সম্মেলনে দলের রুকনদের উদ্দেশে জামায়াত আমির ইসলামী চেতনা ধারণ, আত্মসংযম এবং পরিবার ও সমাজের প্রতি দায়িত্বশীল আচরণের আহ্বান জানান। তিনি বলেন, মানুষের সঙ্গে সম্মানজনক আচরণ করতে হবে এবং সমাজের মানুষের সঙ্গে ভালো ব্যবহার বজায় রাখতে হবে।
ইসলাম প্রতিষ্ঠায় মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর আদর্শ ও আচরণের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, শুধু তরবারি দিয়ে ইসলাম প্রতিষ্ঠিত হয়নি; বরং মহানবীর উত্তম আচরণ মানুষকে আকৃষ্ট করেছে। সুদ থেকে বিরত থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, সর্বাবস্থায় সুদ হারাম।
তিনি আরও বলেন, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আল্লাহর দাসত্ব করার জন্যই মানুষের সৃষ্টি।
গাজীপুর মহানগর জামায়াতের আমির অধ্যাপক জামাল উদ্দিনের সভাপতিত্বে সম্মেলনে শুরুতে দারসুল কোরআন পেশ করেন মাওলানা আব্দুল হালিম। এ সময় দেশীয় সাহিত্য সাংস্কৃতিক সংসদের শিল্পীরা ইসলামী সংগীত পরিবেশন করেন।






















