৪ ঘণ্টা আটকা পাহাড়িকা এক্সপ্রেস, স্বাভাবিক রেল যোগাযোগ
- সংবাদ প্রকাশের সময় : ০৭:৫৬:০৭ অপরাহ্ন, শুক্রবার, ২ অক্টোবর ২০২৬ ৮ বার পড়া হয়েছে
মৌলভীবাজারের কমলগঞ্জে লাউয়াছড়া জাতীয় উদ্যানের ভেতর বগির হুক ছিঁড়ে প্রায় চার ঘণ্টা আটকা ছিল চট্টগ্রামগামী পাহাড়িকা এক্সপ্রেস। শুক্রবার (২ অক্টোবর) দুপুর দেড়টার দিকে এ ঘটনা ঘটে। পরে বিকল্প ইঞ্জিন এনে বনের ভেতর আটকে থাকা বগিগুলো সরিয়ে নেওয়া হলে বিকেল সোয়া ৫টার দিকে সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ স্বাভাবিক হয়।
জানা গেছে, শুক্রবার সকালে সিলেট রেলওয়ে স্টেশন থেকে চট্টগ্রামের উদ্দেশে ছেড়ে যায় পাহাড়িকা এক্সপ্রেস। ট্রেনটি লাউয়াছড়া জাতীয় উদ্যান এলাকায় প্রবেশের পর হঠাৎ একটি বগির হুক ছিঁড়ে যায়।
এতে ট্রেনটি দুই ভাগ হয়ে পড়ে। ৯টি বগি নিয়ে ইঞ্জিন শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশনের দিকে চলে গেলেও পেছনে থাকা সাতটি বগি লাউয়াছড়ার বনের ভেতর আটকে যায়।
বগিগুলো আটকে পড়ায় ওই সাতটি বগিতে থাকা যাত্রীরা প্রায় চার ঘণ্টা ট্রেনের মধ্যেই অবস্থান করেন। দীর্ঘ সময় বনের ভেতর আটকা থাকায় তাদের চরম দুর্ভোগ পোহাতে হয়।
পরে খবর পেয়ে একটি বিকল্প ইঞ্জিন ঘটনাস্থলে নেওয়া হয়। বিকেল সোয়া ৫টার দিকে সেটি দিয়ে আটকে থাকা সাতটি বগি সরিয়ে নেওয়া হয়। এরপর ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশন মাস্টার সাখাওয়াত হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, বিকেল সোয়া ৫টার পর আটকে থাকা বগিগুলো উদ্ধার করা হয়েছে এবং বর্তমানে রেল যোগাযোগ স্বাভাবিক রয়েছে।

















