ডেঙ্গুর ভয়াল ছোবল, একদিনে ৮ মৃত্যু

- সংবাদ প্রকাশের সময় : ০৬:১২:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬ ৮ বার পড়া হয়েছে
দেশে ডেঙ্গু পরিস্থিতি ক্রমেই উদ্বেগজনক হয়ে উঠছে। প্রতিদিনই বাড়ছে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ৮ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ৭৮২ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, গত এক দিনে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন ও খুলনা বিভাগে তিনজন করে মোট ছয়জন মারা গেছেন। এ ছাড়া ঢাকা উত্তর সিটি করপোরেশন ও ময়মনসিংহ বিভাগে একজন করে আরও দুজনের মৃত্যু হয়েছে।
নতুন আক্রান্তদের মধ্যে সবচেয়ে বেশি রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন ঢাকা বিভাগে। গত ২৪ ঘণ্টায় এ বিভাগে ৩৭১ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এরপর চট্টগ্রাম বিভাগে ২৮৮, খুলনায় ২৮৬, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ১৯৪, বরিশালে ১৬৪, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ১৫১, রাজশাহীতে ১৩০, ময়মনসিংহে ১০৮, রংপুরে ৭৩ এবং সিলেটে ১৭ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।
এ নিয়ে চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২৪ সেপ্টেম্বর পর্যন্ত দেশে ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২০৯ জনে। এর মধ্যে দুই সিটি করপোরেশনসহ শুধু ঢাকা বিভাগেই মারা গেছেন ১০০ জন।
এ ছাড়া এ সময়ে খুলনা বিভাগে ৩৭, চট্টগ্রামে ২১, ময়মনসিংহে ২০, বরিশালে ১৬, রাজশাহীতে ১০, রংপুরে ৪ এবং সিলেট বিভাগে একজন ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ পরিসংখ্যান বলছে, ডেঙ্গুর বিস্তার এখন শুধু রাজধানীকেন্দ্রিক নয়; দেশের বিভিন্ন বিভাগেও প্রতিদিন উল্লেখযোগ্যসংখ্যক রোগী হাসপাতালে ভর্তি হচ্ছেন। এর সঙ্গে মৃত্যুর ঘটনাও অব্যাহত থাকায় পরিস্থিতি নিয়ে উদ্বেগ বাড়ছে।






















