ময়মনসিংহ মেডিকেলে আগুন: আতঙ্কে ছুটতে গিয়ে পদদলিত হয়ে ৬ মৃত্যু

- সংবাদ প্রকাশের সময় : ১১:০৮:৩৯ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬ ২৯ বার পড়া হয়েছে
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে (মমেক) অগ্নিকাণ্ডের ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়লে সিঁড়ি দিয়ে নামার সময় পদদলিত হয়ে ছয়জনের মৃত্যু হয়েছে।
সোমবার (১৪ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টার দিকে হাসপাতালের নতুন ভবনের অষ্টম তলায় আগুন লাগার পর এ দুর্ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে রয়েছেন হাজেরা বেগম (৫০), শাহজাহান (৪০), রমজান (৩৮), জাহানারা (৫০) ও কুলসুমা (৩৫)। এছাড়া অজ্ঞাতপরিচয় এক শিশুও মারা গেছে।

হাসপাতাল সূত্রে জানা গেছে, অগ্নিকাণ্ডের খবর ছড়িয়ে পড়ার পর রোগী ও স্বজনদের মধ্যে আতঙ্ক তৈরি হয়। অনেকে দ্রুত ভবন থেকে বের হওয়ার চেষ্টা করলে সিঁড়িতে ভিড় জমে যায়। এ সময় হুড়োহুড়িতে একজন শিশুসহ ছয়জন পদদলিত হয়ে মারা যান।
এর আগে সন্ধ্যায় হাসপাতালের নতুন ভবনের অষ্টম তলায় আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ময়মনসিংহ ফায়ার সার্ভিসের পাঁচটি স্টেশনের ১০টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে আগুন নিয়ন্ত্রণে এলে অতিরিক্ত ইউনিট সরিয়ে নেওয়া হলেও চারটি ইউনিট ঘটনাস্থলে রাখা হয়।
ময়মনসিংহ ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক পূর্ণ চন্দ্র মুৎসুদ্দী জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ভবনের লিফট কন্ট্রোল রুমে থাকা কন্ট্রোলার মেশিনের সঙ্গে যুক্ত বোর্ডে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে অতিরিক্ত তাপ সৃষ্টি হয়ে আগুনের সূত্রপাত হয়েছে। তবে তদন্ত শেষে আগুনের প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।
তিনি বলেন, কন্ট্রোল রুমে আগুন লাগার কারণে ভবনের বিভিন্ন তলায় ধোঁয়া ছড়িয়ে পড়ে। আগুনের পরিমাণ বেশি না হলেও ধোঁয়ার কারণে রোগী ও স্বজনদের মধ্যে আতঙ্ক তৈরি হয়।
মমেক হাসপাতালের উপপরিচালক জাকিউল ইসলাম জানান, অগ্নিকাণ্ডে হাসপাতালের কোনো ওয়ার্ডের ক্ষয়ক্ষতি হয়নি। বৈদ্যুতিক ব্যবস্থায় কোনো ত্রুটি ছিল কি না এবং আগুনের প্রকৃত কারণ জানতে তদন্ত করা হবে।





















