ঢাকার দুই সিটিতে জামায়াতের মেয়র প্রার্থী সেলিম উদ্দিন ও সাদিক কায়েম

- সংবাদ প্রকাশের সময় : ০৯:৩৯:২৪ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬ ১০ বার পড়া হয়েছে
আসন্ন ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে মেয়র প্রার্থী ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। ঢাকা উত্তরে সেলিম উদ্দিন এবং দক্ষিণে সাদিক কায়েমকে দলীয় প্রার্থী হিসেবে মনোনয়ন দেওয়া হয়েছে।
সোমবার (১৪ সেপ্টেম্বর) রাজধানীতে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ তথ্য জানান জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
তিনি বলেন, জামায়াতে ইসলামী একটি নির্বাচনমুখী রাজনৈতিক দল। স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে দল সাংগঠনিকভাবে প্রস্তুতি নিয়েছে। ইউনিয়ন পরিষদ, উপজেলা, পৌরসভা ও সিটি করপোরেশনসহ বিভিন্ন পর্যায়ে প্রার্থী মনোনয়ন প্রক্রিয়া প্রায় চূড়ান্ত পর্যায়ে রয়েছে।
মিয়া গোলাম পরওয়ার বলেন, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনেও জামায়াত অংশ নেবে। সাংগঠনিকভাবে দুই সিটিতে প্রার্থী নির্ধারণ করা হয়েছে। সময়মতো আনুষ্ঠানিকভাবে প্রার্থীদের নাম ঘোষণা করা হবে।
তিনি বলেন, গণমাধ্যমে ইতোমধ্যে এসেছে—ঢাকা উত্তরে সেলিম উদ্দিন এবং দক্ষিণে সাদিক কায়েম জামায়াতের মেয়র প্রার্থী হচ্ছেন।
এদিকে জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে গঠিত ১১ দলীয় ঐক্য প্রসঙ্গে জামায়াতের এই নেতা বলেন, গণভোটের গণরায় বাস্তবায়নসহ বিভিন্ন ইস্যুতে ১১ দল এখনো ঐক্যবদ্ধ রয়েছে। তবে স্থানীয় সরকার নির্বাচনে প্রত্যেক দল নিজস্ব প্রার্থী নিয়ে অংশ নেবে। এ নির্বাচনে জোটগত কোনো প্রার্থী দেওয়া হবে না।



























