দুমকিতে শুরু ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

- সংবাদ প্রকাশের সময় : ০৪:২৫:০১ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬ ১০ বার পড়া হয়েছে
প্রধানমন্ত্রী কর্তৃক দেশব্যাপী ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬’ উদ্বোধনের সঙ্গে পটুয়াখালীর দুমকিতেও শুরু হয়েছে তিন মাসব্যাপী পরিচ্ছন্নতা কর্মসূচি।
শনিবার (১২ সেপ্টেম্বর) সকাল ৯টায় উপজেলা পরিষদ সভাকক্ষে ভিডিও কনফারেন্সের মাধ্যমে কেন্দ্রীয় উদ্বোধনী অনুষ্ঠানে যুক্ত হন উপজেলা প্রশাসনের কর্মকর্তারা। পরে উপজেলা পরিষদ চত্বরে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল্লাহ খাইরুল ইসলাম অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। এ সময় উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মীর শহিদুল হাসান শাহীন, দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সেলিম উদ্দিন, কৃষি কর্মকর্তা কৃষিবিদ ইমরান হোসেন, উপজেলা একাডেমিক সুপারভাইজার একেএম শফিকুল ইসলাম, পিআইও মোহাম্মদ আলী, জনস্বাস্থ্য প্রকৌশলী নিপা আক্তারসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এ ছাড়া উপজেলা স্কাউটস কমিশনার মো. নুরুল ইসলাম, সম্পাদক মো. জাহিদুল ইসলাম, বিভিন্ন ইউনিয়নের জনপ্রতিনিধি, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বিএনসিসি সদস্য, উপজেলা স্কাউটস, কাবাডি দল ও আনসার সদস্যরা কর্মসূচিতে অংশ নেন।
উদ্বোধনী অনুষ্ঠান শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তার নেতৃত্বে স্কাউট সদস্যদের নিয়ে উপজেলা পরিষদ চত্বরের বিভিন্ন স্থানে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান চালানো হয়। এ সময় জমে থাকা ময়লা-আবর্জনা অপসারণসহ ডেঙ্গুর জীবাণুবাহী এডিস মশার বংশবিস্তারের সম্ভাব্য স্থানগুলো পরিষ্কার করা হয়।
কর্মসূচির অংশ হিসেবে আগামী ১২ সেপ্টেম্বর থেকে ১২ ডিসেম্বর পর্যন্ত তিন মাস পরিচ্ছন্নতা অভিযান চালানোর ঘোষণা দেওয়া হয়েছে।
উপজেলা প্রশাসন জানিয়েছে, ডেঙ্গু প্রতিরোধে শুধু সরকারি উদ্যোগ যথেষ্ট নয়। বাড়িঘর, শিক্ষাপ্রতিষ্ঠান, অফিস-আদালত ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখার পাশাপাশি কোথাও পানি জমতে না দেওয়ার বিষয়ে সবাইকে সচেতন হতে হবে।
প্রশাসনের প্রত্যাশা, তিন মাসব্যাপী এই কর্মসূচির মাধ্যমে সাধারণ মানুষের মধ্যে পরিচ্ছন্নতার অভ্যাস ও ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা আরও বাড়বে। একই সঙ্গে সরকারি দপ্তর, জনপ্রতিনিধি, স্বেচ্ছাসেবী সংগঠন ও সাধারণ মানুষের সম্মিলিত অংশগ্রহণে দুমকিকে ডেঙ্গুর ঝুঁকি থেকে সুরক্ষিত রাখা সম্ভব হবে।


























