টাঙ্গাইলে ডেঙ্গু প্রতিরোধে র্যালি, হাসপাতাল পরিষ্কার করলেন প্রতিমন্ত্রী টুকু

- সংবাদ প্রকাশের সময় : ০৫:০৯:৪২ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬ ৮ বার পড়া হয়েছে
প্রধানমন্ত্রী তারেক রহমানের দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধনের পর টাঙ্গাইলেও শুরু হয়েছে সচেতনতামূলক র্যালি ও পরিচ্ছন্নতা কার্যক্রম। এর অংশ হিসেবে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতাল ও জেনারেল হাসপাতাল প্রাঙ্গণ পরিষ্কার-পরিচ্ছন্নতায় অংশ নিয়েছেন টাঙ্গাইল সদর আসনের সংসদ সদস্য ও মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু।
শনিবার (১২ সেপ্টেম্বর) দুপুরে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতাল প্রাঙ্গণে কর্মসূচির উদ্বোধন করেন তিনি। পরে নিজ হাতে হাসপাতালের বিভিন্ন স্থানে জমে থাকা ময়লা-আবর্জনা পরিষ্কার করেন প্রতিমন্ত্রী। পাশাপাশি যেখানে পানি জমে এডিস মশার প্রজননস্থল তৈরি হতে পারে, সেসব স্থানও পরিষ্কার করা হয়।
এর আগে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা তৈরির লক্ষ্যে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি র্যালি বের করা হয়। বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণে র্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতাল প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।
পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নিয়ে সুলতান সালাউদ্দিন টুকু বলেন, আগামী তিন মাস ডেঙ্গু পরিস্থিতির জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ ও গুরুত্বপূর্ণ। এ সময়ে জনসচেতনতা বাড়ানোর পাশাপাশি এডিস মশার প্রজননস্থল ধ্বংসে সবাইকে সক্রিয় ভূমিকা রাখতে হবে।
তিনি বলেন, ডেঙ্গু প্রতিরোধে সবচেয়ে কার্যকর পদক্ষেপগুলোর একটি হলো এডিস মশার প্রজননস্থল ধ্বংস করা। বাড়ির ছাদ, ফুলের টব, পরিত্যক্ত পাত্র, ডাবের খোসাসহ কোনো স্থানে পানি জমতে দেওয়া যাবে না। নিজেদের বাড়ি, প্রতিষ্ঠান ও আশপাশের পরিবেশ নিয়মিত পরিষ্কার রাখতে হবে।
প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর উদ্যোগ সফল করতে সারা দেশে একযোগে জনসচেতনতা ও পরিচ্ছন্নতা কার্যক্রম চালিয়ে যেতে হবে। মানুষকে সচেতন করার পাশাপাশি প্রত্যেকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্ব পালন করলে এডিস মশার বিস্তার অনেকটাই নিয়ন্ত্রণ করা সম্ভব। সম্মিলিতভাবে কাজ করাই ডেঙ্গু প্রতিরোধের সবচেয়ে কার্যকর পথ।
কর্মসূচিতে জেলা প্রশাসক শরীফা হক, পুলিশ সুপার শামসুল আলম সরকার, সিভিল সার্জন ডা. ফরাজী মুহাম্মদ মাহবুবুল আলম মঞ্জু, টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক মো. আব্দুল কুদ্দুছ, জেনারেল হাসপাতালের উপপরিচালক খন্দকার সাদিকুর রহমান, জেলা বিএনপির সাবেক সদস্যসচিব মাহমুদুল হক সানু, সাবেক সাংগঠনিক সম্পাদক শফিকুর রহমান খান শফিক, টাঙ্গাইল সদর উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক আজিম উদ্দিন বিপ্লবসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
























