তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ
- সংবাদ প্রকাশের সময় : ০৬:৫৪:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬ ৮ বার পড়া হয়েছে
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ। ২০০৭ সালের ৭ মার্চ তৎকালীন ১/১১-এর সেনাসমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময়ে রাজধানীর ঢাকা ক্যান্টনমেন্টের বাসা থেকে গ্রেপ্তার করা হয় তাকে। এরপর প্রায় ১৮ মাস কারাবন্দি থাকতে হয় বিএনপির তৎকালীন সিনিয়র যুগ্ম মহাসচিবকে।
৫৫৪ দিন কারাবন্দি ছিলেন
বিএনপির দাবি, কারাবন্দি থাকা অবস্থায় রিমান্ডের নামে তারেক রহমানের ওপর অমানবিক নির্যাতন চালানো হয়। দীর্ঘ ৫৫৪ দিন কারাবন্দি থাকার একপর্যায়ে গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাকে রাজধানীর তৎকালীন পিজি হাসপাতালে ভর্তি করা হয়।
পরবর্তীতে ২০০৮ সালের ৩ সেপ্টেম্বর জামিনে মুক্তি পান তিনি। এরপর থেকে দিনটিকে তারেক রহমানের কারামুক্তি দিবস হিসেবে পালন করে আসছেন বিএনপি ও দলটির অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
উন্নত চিকিৎসায় লন্ডন
বিএনপির ভাষ্য অনুযায়ী, তারেক রহমানের বিরুদ্ধে দায়ের করা বিভিন্ন মামলায় জামিন পাওয়ার পর উচ্চ আদালতের নির্দেশে উন্নত চিকিৎসার জন্য ২০০৮ সালে তাকে লন্ডনে নেওয়া হয়। এ সময় তার সঙ্গে ছিলেন স্ত্রী ডা. জুবাইদা রহমান ও একমাত্র মেয়ে জাইমা রহমান।
দীর্ঘ প্রবাসজীবন শেষে ২০২৫ সালের ২৫ ডিসেম্বর দেশে ফেরেন তারেক রহমান। বিএনপির ভাষ্য অনুযায়ী, এরপর ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারির জাতীয় সংসদ নির্বাচনে জনগণের রায়ে দলটি সরকার গঠন করে। বর্তমানে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান প্রধানমন্ত্রী হিসেবে রাষ্ট্র পরিচালনা করছেন।
নানা কর্মসূচিতে দিবস পালন
কারামুক্তি দিবস উপলক্ষে বিএনপি ও অঙ্গসংগঠনের পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচি নেওয়া হয়েছে। দলটির নেতাকর্মীরা দিনটিকে তারেক রহমানের রাজনৈতিক জীবনের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে উল্লেখ করে থাকেন।





















