পটুয়াখালী জার্নালিস্ট ফোরামের সভাপতি নাবিল, সম্পাদক আমিনুল

- সংবাদ প্রকাশের সময় : ০৮:৩৯:১৭ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬ ১৪ বার পড়া হয়েছে
ঢাকাস্থ পটুয়াখালী জার্নালিস্ট ফোরামের (পিজেএফ) নির্বাচনে সভাপতি পদে বাংলাভিশনের নির্বাহী সম্পাদক বদরুল আলম নাবিল এবং সাধারণ সম্পাদক পদে এটিএন নিউজের সিনিয়র রিপোর্টার আমিনুল ইসলাম নির্বাচিত হয়েছেন।
শুক্রবার (২৮ আগস্ট) ঢাকার সেগুনবাগিচায় ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (ক্র্যাব) মিলনায়তনে উৎসবমুখর পরিবেশে দিনব্যাপী বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন অনুষ্ঠিত হয়।
নতুন কমিটিতে সহসভাপতি পদে বাংলাদেশের আলো পত্রিকার সাব-এডিটর জওহার ইকবাল খান, যুগ্ম সাধারণ সম্পাদক পদে দৈনিক এদিনের ব্যবস্থাপনা সম্পাদক শহীদ রানা, অর্থ সম্পাদক পদে দর্পণ প্রতিদিনের বার্তা সম্পাদক গণেশ চন্দ্র হাওলাদার, সাংগঠনিক সম্পাদক পদে দেশ টিভির রিপোর্টার মো. তাইমুন ইসলাম রায়হান, দফতর সম্পাদক পদে দ্য ডেইলি কান্ট্রি টুডের সাব-এডিটর মো. আসাদুজ্জামান (সজীব) এবং প্রচার, প্রকাশনা ও সাংস্কৃতিক সম্পাদক পদে দেশ টিভির সিনিয়র রিপোর্টার তাইফুর রহমান তুহিন নির্বাচিত হয়েছেন।
এ ছাড়া নির্বাহী সদস্য পদে নির্বাচিত হয়েছেন একুশে টেলিভিশনের মো. আরিফুল ইসলাম, দৈনিক এদিনের রিপোর্টার মোহাম্মদ কামরুল হাসান (শিশির), দৈনিক সরেজমিনের রিপোর্টার রিপন হাওলাদার, অপরাধ চিত্র পত্রিকার নির্বাহী সম্পাদক আলমগীর হোসেন এবং চ্যানেল ওয়ানের ডেপুটি ইনপুট এডিটর শারমিন আজাদ।
নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন অ্যাডভোকেট মাওলানা মো. রুহুল আমিন। নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন আকন আবদুল মান্নান, ফোরকান আহমদ ও মুহাম্মদ আনোয়ারুল হক। তারা নির্বাচন পরিচালনা ও ফলাফল ঘোষণা করেন।
নতুন নেতৃত্ব নির্বাচনের মধ্য দিয়ে ঢাকায় কর্মরত পটুয়াখালীর সাংবাদিকদের সংগঠন পটুয়াখালী জার্নালিস্ট ফোরামের (পিজেএফ) নতুন কমিটি দায়িত্ব গ্রহণ করেছে।


























