বিজয়ের মানসিকতা নিয়ে বহুদূর যেতে চায় বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দল

- সংবাদ প্রকাশের সময় : ০৮:১১:৩৭ অপরাহ্ন, রবিবার, ৯ অগাস্ট ২০২৬ ১১ বার পড়া হয়েছে
বিজয়ের মানসিকতা নিয়ে আন্তর্জাতিক ফুটবলে বহুদূর এগিয়ে যেতে চায় বাংলাদেশ অনূর্ধ্ব-২০ জাতীয় ফুটবল দল। দীর্ঘমেয়াদি প্রস্তুতি, দলীয় সমন্বয় ও ইতিবাচক মানসিকতাকে সঙ্গী করে আসন্ন আন্তর্জাতিক প্রতিযোগিতাগুলোতে নিজেদের সেরাটা দিতে চান কোচ জেরার্ড এমলিন জোন্স ও দলের নতুন মুখ এডাম আব্বাস।
যশোরের শামসুল হুদা ফুটবল একাডেমিতে আবাসিক ক্যাম্পে অনুশীলন শেষে রোববার (৯ আগস্ট) দুপুর ১২টায় আয়োজিত এক ব্রিফিংয়ে নিজেদের প্রত্যয়ের কথা জানান তাঁরা।
দলের প্রস্তুতি সম্পর্কে কোচ জেরার্ড এমলিন জোন্স বলেন, দীর্ঘ সময় ধরে অনুশীলনের সুযোগ পাওয়ায় খেলোয়াড়দের সক্ষমতা ও দুর্বলতাগুলো ভালোভাবে মূল্যায়ন করা সম্ভব হয়েছে। শুধু বর্তমান প্রতিযোগিতাকে সামনে রেখে নয়, অনূর্ধ্ব-১৭ ও অনূর্ধ্ব-২০ পর্যায়ের আন্তর্জাতিক টুর্নামেন্টগুলোর জন্য দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিয়েই দলকে প্রস্তুত করা হচ্ছে।
প্রস্তুতির অংশ হিসেবে এরই মধ্যে চারটির বেশি প্রস্তুতি ম্যাচ খেলেছে বাংলাদেশ। কোচের মতে, প্রতিটি ম্যাচ থেকেই খেলোয়াড়েরা শারীরিক সক্ষমতা, কৌশলগত অবস্থান এবং চাপের মধ্যে খেলার গুরুত্বপূর্ণ অভিজ্ঞতা অর্জন করেছেন।
মাঠের অবস্থা বা পিচ যেমনই হোক, সেটিকে ইতিবাচকভাবে গ্রহণ করে খেলোয়াড়দের স্ট্যামিনা ও ভারসাম্য বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে বলে জানান কোচ। তাঁর লক্ষ্য, ইতিবাচক মানসিকতা নিয়ে মাঠে নেমে দেশের জন্য সেরাটা দেওয়া এবং জয় ছিনিয়ে আনা।
দলে নতুন যোগ দেওয়া এডাম আব্বাসের প্রশংসা করে জেরার্ড এমলিন জোন্স বলেন, তিনি অত্যন্ত পেশাদার, নম্র এবং শেখার মানসিকতাসম্পন্ন একজন ফুটবলার। তাঁকে ভবিষ্যতে আরও দক্ষ খেলোয়াড় ও কার্যকর গোলদাতা হিসেবে গড়ে তুলতে বিশেষ পরিকল্পনা রয়েছে।
বাংলাদেশের হয়ে খেলতে পেরে গর্বিত এডাম
বাংলাদেশের হয়ে মাঠে নামার সুযোগ পেয়ে নিজের আনন্দ ও গর্বের কথা জানান এডাম আব্বাস।
তিনি বলেন, জাতীয় দল, কোচিং স্টাফ ও টেকনিক্যাল টিম যেভাবে কঠোর পরিশ্রম করছে, তা প্রশংসনীয়। হামজা চৌধুরী ও ইয়াসিন আরাফাতের মতো তরুণ ফুটবলারদের জাতীয় দলের হয়ে খেলতে দেখে তিনি অনুপ্রাণিত হয়েছেন বলেও জানান।
এডাম বলেন, আসন্ন এএফসি এশিয়ান কাপসহ বড় আন্তর্জাতিক মঞ্চে ভালো করাই দলের মূল লক্ষ্য। কোচ ও খেলোয়াড়দের মধ্যে চমৎকার বোঝাপড়া রয়েছে উল্লেখ করে তিনি বলেন, সবাই যদি ঐক্যবদ্ধভাবে কঠোর পরিশ্রমের ধারা ধরে রাখতে পারে, তাহলে বাংলাদেশ জাতীয় ফুটবল দলকে বড় সাফল্য এনে দেওয়া সম্ভব।
ম্যানচেস্টার ইউনাইটেড ও বার্নলির যুব দলে খেলার অভিজ্ঞতা
বাংলাদেশি বংশোদ্ভূত এডাম আব্বাস ইংল্যান্ড থেকে ঢাকায় এসেছেন। ১৯ বছর বয়সী এই ফুটবলারের মূল পজিশন রাইট উইঙ্গার। তবে প্রয়োজন অনুযায়ী সেন্টার ফরোয়ার্ড কিংবা নম্বর নাইন হিসেবেও খেলতে পারেন তিনি।
এডামের ক্যারিয়ারের অন্যতম উল্লেখযোগ্য দিক হলো ইংল্যান্ডের ঐতিহ্যবাহী দুই ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড ও বার্নলির যুব পর্যায়ে খেলার অভিজ্ঞতা রয়েছে তাঁর।
বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দলের সঙ্গে তাঁর যোগ হওয়ায় আক্রমণভাগে নতুন মাত্রা যোগ হবে বলে আশা করছে দলসংশ্লিষ্টরা। দীর্ঘমেয়াদি প্রস্তুতি ও আন্তর্জাতিক অভিজ্ঞতার সমন্বয়ে নতুন প্রজন্মের এই ফুটবলারদের নিয়ে বড় স্বপ্ন দেখছে বাংলাদেশ।


























