গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিয়ে ‘অপপ্রচারের’ নিন্দা পুলিশের, গুজবে কান না দেওয়ার আহ্বান

- সংবাদ প্রকাশের সময় : ১০:৪২:১১ অপরাহ্ন, শুক্রবার, ৭ অগাস্ট ২০২৬ ৮ বার পড়া হয়েছে
সামাজিক যোগাযোগমাধ্যমে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তিকে নিয়ে মিথ্যা, বানোয়াট ও বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর অভিযোগ তুলে এর নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ পুলিশ।
শুক্রবার (৭ আগস্ট) পুলিশ সদরদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি একটি ‘কুচক্রী মহল’ পরিকল্পিতভাবে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর প্রচারণা চালাচ্ছে। পুলিশের দাবি, পতিত ফ্যাসিবাদী শক্তি ও তাদের দেশি-বিদেশি সহযোগীরা জনমনে বিভ্রান্তি সৃষ্টি, আইনশৃঙ্খলা পরিস্থিতি অস্থিতিশীল করা, পুলিশ বাহিনীর মনোবল দুর্বল করা এবং সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন করার উদ্দেশ্যে এসব অপপ্রচার চালাচ্ছে।
পুলিশের ভাষ্য অনুযায়ী, নিষিদ্ধ রাজনৈতিক দলের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং বিভিন্ন ধরনের অনৈতিক তদবির আমলে না নেওয়ায় একটি অসন্তুষ্ট মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে মনগড়া তথ্য ছড়িয়ে অপপ্রচার চালাচ্ছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, অপপ্রচারে জড়িতদের বিরুদ্ধে বিভিন্ন ফৌজদারি অপরাধে সংশ্লিষ্টতার পাশাপাশি পুলিশ ও অন্যান্য সরকারি দপ্তরে অনৈতিক তদবির এবং অপপ্রচার বন্ধের শর্তে অর্থ দাবির তথ্য-প্রমাণও রয়েছে বলে দাবি করছে পুলিশ।
এ অবস্থায় সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিভ্রান্তিকর ও উসকানিমূলক তথ্য যাচাই ছাড়া বিশ্বাস, শেয়ার বা প্রচার না করার জন্য জনগণের প্রতি আহ্বান জানিয়েছে পুলিশ। একই সঙ্গে দায়িত্বশীল নাগরিক হিসেবে গুজব ও অপপ্রচার প্রতিরোধে সবাইকে সচেতন ভূমিকা পালনের অনুরোধ জানানো হয়েছে।
পুলিশ সতর্ক করে বলেছে, ভবিষ্যতেও এ ধরনের অপপ্রচার অব্যাহত থাকলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রচলিত আইনে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।



















