দুই দিন আগেই দেশে ফিরছেন স্পিকার, রাষ্ট্রপতির পদত্যাগ ঘিরে বাড়ছে আলোচনা

- সংবাদ প্রকাশের সময় : ১০:১৩:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬ ১৩ বার পড়া হয়েছে
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের গুঞ্জনের মধ্যেই নির্ধারিত সময়ের দুই দিন আগে দেশে ফিরছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। আগামী শুক্রবার (২৪ জুলাই) দুপুরে থাইল্যান্ড থেকে তাঁর ঢাকায় ফেরার কথা রয়েছে।
সংসদ সচিবালয় সূত্র জানিয়েছে, চিকিৎসার জন্য গত ১৯ জুলাই থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে যান স্পিকার। পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী আগামী ২৬ জুলাই তাঁর দেশে ফেরার কথা থাকলেও বৃহস্পতিবার সেই সময়সূচি এগিয়ে আনা হয়েছে।
স্পিকারের দেশে ফেরার সময় এগিয়ে আনার বিষয়টি রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে চলমান আলোচনাকে আরও জোরালো করেছে। কারণ সংবিধান অনুযায়ী, রাষ্ট্রপতি পদত্যাগ করলে তাঁর পদত্যাগপত্র জাতীয় সংসদের স্পিকারের কাছে জমা দিতে হয়। পাশাপাশি নতুন রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত রাষ্ট্রপতির দায়িত্বও পালন করেন স্পিকার।
সংবিধানের ৫৪ অনুচ্ছেদ অনুযায়ী, রাষ্ট্রপতির পদ শূন্য হলে কিংবা অসুস্থতা, অনুপস্থিতি বা অন্য কোনো কারণে রাষ্ট্রপতি দায়িত্ব পালনে অসমর্থ হলে নতুন রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত স্পিকার ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন।
এদিকে, রাষ্ট্রপতির পদত্যাগের আলোচনা চলার মধ্যেই বৃহস্পতিবার সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, ‘শুক্রবার পর্যন্ত অপেক্ষা করেন।’
সংবিধানের ৫০(৩) অনুচ্ছেদ অনুযায়ী, রাষ্ট্রপতি স্বাক্ষরযুক্ত পত্রের মাধ্যমে স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিতে পারেন। এরপর পদ শূন্য হলে ৯০ দিনের মধ্যে সংসদ সদস্যদের ভোটে নতুন রাষ্ট্রপতি নির্বাচনের বিধান রয়েছে।
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের সম্ভাবনা নিয়ে গত কয়েক দিন ধরে রাজনৈতিক অঙ্গনে আলোচনা চলছে। তবে এর আগে রাষ্ট্রপতির পক্ষ থেকে এসব খবরকে ‘মিথ্যা ও কল্পনাপ্রসূত’ বলে দাবি করা হয়েছিল। অন্যদিকে, কথিত ফোনালাপের বিষয়টি তদন্তের ইঙ্গিত দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।




















