ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা জোরদারের নির্দেশ প্রতিমন্ত্রীর

- সংবাদ প্রকাশের সময় : ০৯:০৪:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬ ১৪ বার পড়া হয়েছে
ডেঙ্গুসহ মশাবাহিত রোগ নিয়ন্ত্রণে শুধু সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতা কর্মীদের নয়, সাধারণ নাগরিকদেরও আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম, এমপি।
মঙ্গলবার (২১ জুলাই) সচিবালয়ে স্থানীয় সরকার বিভাগের সম্মেলন কক্ষে অনলাইন প্ল্যাটফর্মে অনুষ্ঠিত ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধবিষয়ক টাস্কফোর্স কমিটির সভায় সভাপতির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
প্রতিমন্ত্রী বলেন, নগর পরিচ্ছন্নতায় নিয়োজিত কর্মীদের আরও সক্রিয় ও দায়িত্বশীল হতে হবে। পাশাপাশি নাগরিকদের নিজ নিজ বাসাবাড়ি, শিক্ষা প্রতিষ্ঠান, নির্মাণাধীন ভবন এবং আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে সচেতন ভূমিকা রাখতে হবে। বিশেষ করে নির্মাণাধীন ভবনগুলোতে নিয়মিত অভিযান পরিচালনা এবং শিক্ষাপ্রতিষ্ঠানে সচেতনতামূলক কার্যক্রম জোরদারের ওপর গুরুত্বারোপ করেন তিনি।
তিনি বলেন, ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে চিকিৎসার চেয়ে প্রতিরোধই বেশি কার্যকর। এজন্য এডিস মশার লার্ভার উৎপত্তিস্থল ধ্বংসে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে পরিচ্ছন্নতা কার্যক্রম আরও জোরদার করতে হবে।
সভায় বিভিন্ন সিটি কর্পোরেশনের প্রশাসকরা ডেঙ্গু প্রতিরোধে চলমান কার্যক্রম তুলে ধরেন। তাদের বক্তব্য শুনে মাঠপর্যায়ের বাস্তব অভিজ্ঞতার আলোকে কার্যক্রম আরও সমন্বিত ও ফলপ্রসূ করার জন্য প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন প্রতিমন্ত্রী।
মীর শাহে আলম বলেন, প্রধানমন্ত্রীর নেতৃত্বে সিটি কর্পোরেশনগুলোতে প্রশাসক নিয়োগের ফলে মাঠপর্যায়ের কার্যক্রমে নতুন গতি এসেছে। তিনি প্রশাসকদের আন্তরিকতা ও নিষ্ঠার প্রশংসা করে সরকারি উদ্যোগের পাশাপাশি স্বেচ্ছাসেবী সংগঠন, শিক্ষাপ্রতিষ্ঠান এবং স্থানীয় জনগণকে সম্পৃক্ত করে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনার আহ্বান জানান।
সভায় জানানো হয়, জাতীয় কমিটির সিদ্ধান্ত বাস্তবায়ন, বিভিন্ন সংস্থার মধ্যে সমন্বয় এবং সার্বিক কার্যক্রম তদারকির লক্ষ্যে সম্প্রতি স্থানীয় সরকার বিভাগ ডেঙ্গু ও অন্যান্য মশাবাহিত রোগ প্রতিরোধে একটি টাস্কফোর্স গঠন করেছে।
এ টাস্কফোর্সের আওতায় দেশব্যাপী পরিচ্ছন্নতা অভিযান, জনসচেতনতামূলক প্রচারণা এবং মশার প্রজননস্থল ধ্বংসে বিশেষ কর্মসূচি পরিচালিত হচ্ছে। রাজধানীর বিভিন্ন এলাকায় নিয়মিত অভিযান চালানো হচ্ছে এবং নির্মাণাধীন ভবনসহ সম্ভাব্য প্রজননস্থলে এডিস মশার লার্ভা পাওয়া গেলে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।
সভায় ময়মনসিংহ, রংপুর ও রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসকরা সশরীরে উপস্থিত ছিলেন। এছাড়া চট্টগ্রাম, খুলনা, বরিশাল, সিলেট, কুমিল্লা, গাজীপুর, নারায়ণগঞ্জ ও বগুড়াসহ বিভিন্ন সিটি কর্পোরেশনের প্রশাসক, প্রধান নির্বাহী কর্মকর্তা, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা ভার্চুয়ালি অংশ নেন। স্থানীয় সরকার বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারাও সভায় উপস্থিত ছিলেন।























