নতুন করে ৫ জেলায় বন্যার শঙ্কা
- সংবাদ প্রকাশের সময় : ০৭:১১:৩৭ অপরাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬ ১২ বার পড়া হয়েছে
টানা ভারী বৃষ্টিপাত ও উজান থেকে নেমে আসা ঢলে দেশের উত্তরাঞ্চলের বিভিন্ন নদ-নদীর পানি আবারও বাড়তে শুরু করেছে। এ পরিস্থিতিতে আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে লালমনিরহাট, নীলফামারী, রংপুর, গাইবান্ধা ও কুড়িগ্রামে স্বল্পমেয়াদি বন্যা দেখা দিতে পারে বলে সতর্ক করেছে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।
রোববার (১৯ জুলাই) প্রকাশিত সর্বশেষ পূর্বাভাসে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় তিস্তা, ধরলা ও দুধকুমার নদীর পানি স্থিতিশীল থাকলেও আগামী তিন দিনে এসব নদীর পানি উল্লেখযোগ্যভাবে বাড়তে পারে। এতে আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে কিছু স্থানে নদীগুলোর পানি বিপৎসীমা অতিক্রম করার আশঙ্কা রয়েছে। ফলে সংশ্লিষ্ট পাঁচ জেলার নদী-তীরবর্তী নিম্নাঞ্চলে আকস্মিক বা স্বল্পমেয়াদি বন্যা দেখা দিতে পারে।
এদিকে উত্তর-পূর্বাঞ্চলেও বন্যার ঝুঁকি বাড়ছে। পূর্বাভাস অনুযায়ী, সুরমা নদীর পানি ইতোমধ্যে বৃদ্ধি পেয়েছে এবং কুশিয়ারা নদীর পানি স্থিতিশীল রয়েছে। আগামী তিন দিনে এ দুই নদীর পানিও বাড়তে পারে। এতে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে সিলেট ও সুনামগঞ্জের কিছু এলাকায় নদীর পানি বিপৎসীমা অতিক্রম করে স্বল্পমেয়াদি বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে। তবে কোথাও কোথাও বিদ্যমান বন্যা পরিস্থিতি স্থিতিশীল থাকতে পারে।
বন্যা পূর্বাভাস কেন্দ্রে জানানো হয়েছে, ব্রহ্মপুত্র নদের পানি স্থিতিশীল থাকলেও যমুনা নদীর পানি বৃদ্ধি পাচ্ছে। আগামী পাঁচ দিন এ দুই নদীর পানি বাড়ার প্রবণতা অব্যাহত থাকতে পারে। এর প্রভাবে ২০ থেকে ২৪ জুলাইয়ের মধ্যে কুড়িগ্রাম, গাইবান্ধা, জামালপুর, বগুড়া, সিরাজগঞ্জ ও টাঙ্গাইল জেলার কিছু স্থানে নদীর পানি সতর্কসীমা স্পর্শ করতে পারে। এতে নদী-সংলগ্ন নিম্নাঞ্চলের কিছু এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে।
অন্যদিকে সিলেট ও ময়মনসিংহ অঞ্চলের সারিগোয়াইন, যাদুকাটা ও কংস নদীর পানি স্থিতিশীল থাকলেও সোমেশ্বরী ও ভুগাই নদীর পানি বৃদ্ধি পেয়েছে। আগামী তিন দিনে এসব নদীর পানিও বাড়তে পারে। ফলে আগামী ২৪ থেকে ৭২ ঘণ্টার মধ্যে নেত্রকোণার সোমেশ্বরী নদীর পানি কিছু স্থানে বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হতে পারে এবং আশপাশের নিম্নাঞ্চলে স্বল্পমেয়াদি বন্যা দেখা দিতে পারে।
এ ছাড়া রংপুর ও রাজশাহী বিভাগের আপার করতোয়া, আপার আত্রাই, টাঙ্গন, পুনর্ভবা, মহানন্দা ও যমুনেশ্বরী নদীর পানি বেড়েছে। যদিও ঘাঘট, আত্রাই, করতোয়া ও ছোট যমুনা নদীর পানি কিছুটা কমেছে। তবে আগামী তিন দিনে এসব নদীর পানিও আবার বাড়তে পারে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।























