মাসে তিনবারের বেশি টাকা তুললে দিতে হবে অতিরিক্ত ফি

- সংবাদ প্রকাশের সময় : ০১:০৯:৩৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬ ১৩ বার পড়া হয়েছে
ব্যাংক থেকে মাসে তিনবারের বেশি নগদ টাকা উত্তোলনের ক্ষেত্রে অতিরিক্ত ফি আরোপের প্রস্তাব দিয়েছে ব্যাংক নির্বাহীদের সংগঠন অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স, বাংলাদেশ (এবিবি)। একই সঙ্গে ব্যাংকিংয়ের ১৪টি সেবায় নতুন ফি চালু এবং কয়েকটি বিদ্যমান চার্জ বাড়ানোরও সুপারিশ করা হয়েছে।
সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের কাছে দেওয়া প্রস্তাবে এবিবি বলেছে, একজন গ্রাহক মাসে তিনবারের বেশি নগদ টাকা উত্তোলন করলে অতিরিক্ত প্রতিবার ১০০ থেকে ৩০০ টাকা পর্যন্ত ফি নেওয়া যেতে পারে।
এছাড়া দীর্ঘদিন অচল (ডরম্যান্ট) থাকা ব্যাংক হিসাব পুনরায় সচল করতে ৫০০ টাকা ফি নির্ধারণ এবং ঋণ প্রক্রিয়াকরণ (লোন প্রসেসিং) ফি বর্তমানের তুলনায় প্রায় চারগুণ বাড়ানোর প্রস্তাবও দেওয়া হয়েছে।
সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, এবিবি ব্যাংকিংয়ের আরও ১৪টি সেবায় নতুন ফি চালুর সুপারিশ করেছে।
তবে এ বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেয়নি বাংলাদেশ ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, গ্রাহকদের ওপর অযৌক্তিক আর্থিক চাপ সৃষ্টি হয়—এমন কোনো প্রস্তাব অনুমোদনের আগে বিষয়টি সতর্কতার সঙ্গে পর্যালোচনা করা হবে।
বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান বলেন, অতিরিক্ত ফি বা চার্জ আরোপ করলে সাধারণ মানুষের মধ্যে ব্যাংকিং সেবার প্রতি অনীহা তৈরি হতে পারে। তাই গ্রাহকদের স্বার্থ বিবেচনায় রেখেই এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
অন্যদিকে ব্যাংকগুলোর দাবি, বিশ্বজুড়েই বিভিন্ন ব্যাংকিং সেবার বিপরীতে ফি নেওয়ার প্রচলন রয়েছে। পরিচালন ব্যয় বৃদ্ধি পাওয়ায় সেবামূল্য পুনর্নির্ধারণের প্রস্তাব দেওয়া হয়েছে বলেও তারা জানিয়েছে।
উল্লেখ্য, এটি এবিবির একটি প্রস্তাবমাত্র। বাংলাদেশ ব্যাংক এখনো এ বিষয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত বা অনুমোদন দেয়নি।





















