ভাঙ্গায় বাসচাপায় নিহত ৫, বিক্ষুব্ধ জনতার আগুনে পুড়ল ৪ বাস

- সংবাদ প্রকাশের সময় : ০৯:৫৮:০৬ অপরাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬ ২৯ বার পড়া হয়েছে
ফরিদপুরের ভাঙ্গায় ঢাকা-খুলনা মহাসড়কে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় অন্তত ৫ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও কয়েকজন। দুর্ঘটনার পর বিক্ষুব্ধ জনতা একটি যাত্রীবাহী বাসসহ অন্তত চারটি যানবাহনে আগুন ধরিয়ে দেয়। আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাৎক্ষণিকভাবে নিহত তিনজনের নাম জানা গেছে। তাঁরা হলেন জয়নাল (২৭), আরিফ (২৭) ও ওবায়দুর (৪০)।
শনিবার (১১ জুলাই) রাত ৮টার দিকে ভাঙ্গা উপজেলার সোয়াদি বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
হাইওয়ে পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, রাত পৌনে ৮টার দিকে ডিমবোঝাই একটি পিকআপ ভ্যান মহাসড়কে উল্টে যায়। এতে সড়কে বিপুল পরিমাণ ডিম ছড়িয়ে পড়ে। সেগুলো সরাতে ও উদ্ধার করতে স্থানীয় লোকজন মহাসড়কে নামলে দ্রুতগতিতে আসা ‘নড়াইল এক্সপ্রেস’ নামের একটি যাত্রীবাহী বাস তাদের ওপর উঠে যায়। ঘটনাস্থলেই কয়েকজন নিহত ও আহত হন।
খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পাঁচজনের মরদেহ উদ্ধার করে। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালসহ বিভিন্ন চিকিৎসাকেন্দ্রে পাঠানো হয়।
দুর্ঘটনার পর ক্ষুব্ধ স্থানীয়রা নড়াইল এক্সপ্রেস বাসসহ অন্তত চারটি যানবাহনে আগুন ধরিয়ে দেয়। এতে মহাসড়কে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং যান চলাচল ব্যাহত হয়।
ভাঙ্গা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার আবু জাফর বলেন, ডিমভর্তি একটি গাড়ি দুর্ঘটনায় পড়ার পর সেটি উদ্ধারে স্থানীয়রা এগিয়ে এসেছিলেন। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী বাস লোকজনের ওপর উঠে গেলে হতাহতের ঘটনা ঘটে। তবে নিহতের সঠিক সংখ্যা তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা সম্ভব হয়নি।
ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হেলালুদ্দিন বলেন, “এখন পর্যন্ত পাঁচজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘটনাস্থলে পরিস্থিতি এখনও উত্তেজনাপূর্ণ। উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে এবং নিহতের সংখ্যা বাড়তে পারে।”
দুর্ঘটনার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে মোতায়েন রয়েছেন। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস। দুর্ঘটনার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানতে তদন্ত চলছে।




















