বন্যা মোকাবিলায় সমন্বিত পরিকল্পনা, উদ্ধারকাজে সেনাবাহিনী-বিজিবি মোতায়েন

- সংবাদ প্রকাশের সময় : ০৭:০৮:৫৭ অপরাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬ ৯ বার পড়া হয়েছে
চলমান বন্যা পরিস্থিতি মোকাবিলায় ক্ষতিগ্রস্ত মানুষের জন্য সমন্বিত ত্রাণ ও উদ্ধার কার্যক্রম পরিচালনা করছে সরকার। প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় দুর্গত এলাকায় ত্রাণসামগ্রী বিতরণ, আর্থিক সহায়তা এবং উদ্ধার কার্যক্রম জোরদার করা হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন।
শনিবার (১১ জুলাই) প্রধানমন্ত্রীর কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব তথ্য জানান।
মাহদী আমিন বলেন, ক্ষতিগ্রস্ত পরিবারের কাছে ত্রাণসামগ্রী পৌঁছে দেওয়ার পাশাপাশি দুই কোটি টাকার বেশি আর্থিক অনুদান বরাদ্দ দেওয়া হয়েছে। একই সঙ্গে উদ্ধার ও ত্রাণ কার্যক্রমে বাংলাদেশ সেনাবাহিনী, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), কোস্টগার্ড এবং বিশেষায়িত মেডিকেল টিমকে মাঠে মোতায়েন করা হয়েছে।
তিনি জানান, দুর্গত এলাকায় প্রয়োজনীয় চিকিৎসাসেবা নিশ্চিত করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে এবং সংশ্লিষ্ট সংস্থাগুলো সমন্বিতভাবে কাজ করছে।
প্রশাসন সূত্রে জানা গেছে, বন্যাকবলিত এলাকায় ইতোমধ্যে এক হাজারের বেশি আশ্রয়কেন্দ্র চালু করা হয়েছে। এসব কেন্দ্রে আশ্রয় নেওয়া মানুষের জন্য খাদ্য, ত্রাণ, বিশুদ্ধ পানি ও স্যানিটেশন সুবিধা নিশ্চিত করার কার্যক্রম চলমান রয়েছে।
এদিকে দুর্যোগ মোকাবিলায় স্থানীয় প্রশাসনের পাশাপাশি বিভিন্ন জনপ্রতিনিধি ও রাজনৈতিক দলের নেতাকর্মীরাও সমন্বিতভাবে সহায়তা কার্যক্রমে অংশ নিচ্ছেন বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।



















