টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে অভিযান, সাত দালালের কারাদণ্ড

- সংবাদ প্রকাশের সময় : ০৭:২০:১২ অপরাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬ ১৯ বার পড়া হয়েছে
টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালকে দালালমুক্ত করতে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দালালচক্রের সাত সদস্যকে গ্রেপ্তার করে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে। একই সঙ্গে অনিয়মের অভিযোগে দুটি ওষুধ কোম্পানির দুই মেডিকেল রিপ্রেজেন্টেটিভকে পাঁচ হাজার টাকা করে অর্থদণ্ড করা হয়েছে।
শনিবার (১১ জুলাই) হাসপাতাল চত্বরে পরিচালিত এ অভিযানে দণ্ডপ্রাপ্তরা হলেন—বাপ্পি মিয়া ও আব্দুল বারেক (প্রত্যেকে ৬ মাস), ছনেট মিয়া, জামিল ইসলাম ও হৃদয় মিয়া (প্রত্যেকে ৩ মাস), ইসহাক মাহমুদ (১ মাস) এবং জনি আহমেদ (১৫ দিন) কারাদণ্ডে দণ্ডিত হন।
সংশ্লিষ্ট সূত্র জানায়, দীর্ঘদিন ধরে একটি দালালচক্র রোগী ও তাদের স্বজনদের বিভিন্ন প্রলোভন দেখিয়ে হাসপাতাল থেকে আশপাশের বেসরকারি ক্লিনিকে নিয়ে যেত। এছাড়া ওষুধ কিনে দেওয়ার নামে অতিরিক্ত দামে ওষুধ বিক্রির অভিযোগও ছিল তাদের বিরুদ্ধে। এতে বিশেষ করে দরিদ্র ও অসচেতন রোগীরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি কাঙ্ক্ষিত চিকিৎসাসেবা থেকেও বঞ্চিত হচ্ছিলেন।
অভিযানের সময় হাসপাতাল এলাকায় অনিয়মের অভিযোগে দুটি ওষুধ কোম্পানির দুই মেডিকেল রিপ্রেজেন্টেটিভকে ভ্রাম্যমাণ আদালত পাঁচ হাজার টাকা করে জরিমানা করেন।
স্থানীয়দের দাবি, হাসপাতাল এলাকায় দীর্ঘদিন ধরেই দালালদের দৌরাত্ম্য ছিল। সাম্প্রতিক এই অভিযানে রোগী ও স্বজনদের মধ্যে স্বস্তি ফিরেছে। তারা হাসপাতালের সেবার পরিবেশ স্বাভাবিক রাখতে নিয়মিত এ ধরনের অভিযান চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন।
সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে সেবার মান উন্নয়ন, দালালচক্রের দৌরাত্ম্য বন্ধ এবং অনিয়ম প্রতিরোধে প্রশাসনের নজরদারি আরও জোরদার করা হয়েছে।






















