ছোট ভাইকে বাঁচাতে গিয়ে প্রাণ দিল দুই ভাইবোন
- সংবাদ প্রকাশের সময় : ০৮:৪৩:৩৭ অপরাহ্ন, বুধবার, ২০ মে ২০২৬ ৭০ বার পড়া হয়েছে
দিনাজপুরের ফুলবাড়ী উপজেলায় পুকুরের পানিতে ডুবে একই পরিবারের দুই সহদর ভাই বোনের মৃত্যুর ঘটনা ঘটেছে। বুধবার (২০ মে) সকাল সাড়ে ৮টায় উপজেলার খয়েরবাড়ি বাজার কুটিপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। শিশু দুটি আপন ভাইবোন। একই পরিবারের দুইজনের এমন মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমেছে ।
মারা যাওয়া ওই শিশু দুটির নাম সাবিহা জান্নাত (সাড়ে ৪) ও মো. সিয়াম (৩)। তাদের বাবা শাহিন আলম পেশায় একজন পান দোকানী। বাড়ির পাশেই বাজারে দোকানটি চালান তিনি।
ঘটনা নিশ্চিত করে ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ শাহ বলেন, ঘটনা স্থলে পুলিশ গিয়েছে। তারা বিষয়টি খোঁজ খবর নিচ্ছেন। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
ফুলবাড়ী উপজেলা পরিষদ থেকে ৭ কিলোমিটার দক্ষিণে খয়েরবাড়ী বাজার (হাট)।বাজার সংলগ্ন পূর্ব দিকে ফুটবল খেলা মাঠ। মাঠের পশ্চিম দক্ষিণ দিকে ৬-৭টি পরিবার বাস করে। তাদের মধ্যে বাবা শাহিন আলমের বাড়ি। ফুটবল মাঠের উত্তর দিক থেকে ২০০ মিটার উত্তর দিকে একটা উঁচু ঢিবির পর সেই পুকুর। এক সময় গভীরতা কম থাকায় জায়গার মালিক কিছু মাটি কেটে পুকুরে পরিণত করেন। সেই পুকুরে আশপাশের লোকজন বিভিন্ন কাজে ব্যবহার করেন।
শিশুটির মা কেয়া বেগম ও স্বজনরা জানান, তাদের বাড়ির পাশেই একটি খেলার মাঠ। মাঠ পেরিয়ে একটি পুকুর রয়েছে। বাড়িতে সকালের নাস্তা তৈরী করছিলেন কেয়া বেগম। বাবা শাহিন আলম দোকান খুলেছেন মাত্র। ওই দুই শিশুসহ আরও একজন শিশু মাঠে খেলছিলেন। একটা সময় তারা পুকুরের পানিতে একটি বোতল ভাসতে দেখে সেটি তুলতে যায় সিয়াম। এসময় পুকুরের পানিতে ডুবে হাবুডুবু খেতে খেতে তলিয়ে যেতে থাকে। ভাইয়ের এ অবস্থা দেখে তাকে বাচাতে পুকুরের পানিতে নেমে পড়েন বোন সাবিহা জান্নাত। সেও তলিয়ে যায়। পরে পুকুরের ধারে থাকা অপর শিশুটি দৌঁড়ে বাড়িতে এসে খবর জানায়। তাদের মা-বাবাসহ স্থানীয়রা পুকুর থেকে শিশু দুটিকে তুলে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। এদিকে দুই সন্তানকে হারিয়ে কান্নায় ভেঙে পড়েছেন শিশু দুটির মা বাবাসহ স্বজনরা।
অবসরপ্রাপ্ত ফায়ার কর্মী সাইফুল ইসলাম বাবু বলেন,বরাবরই বাচ্চারা সেই মাঠে খেলা করে।আজকেউ খেলা করছিল।কিছু দূরে গিয়েই সেই পুকুর।সেখানে ৩ জন বাচ্চা খেলাচ্ছলে গিয়েই ২ জন পানিতে ডুবে মারা যায়।
জায়গার মালিক মোফাজ্জল হোসেন বলেন, সেই পুকুরে সবাই যায় এবং পুকুর নানা কাজে ব্যবহার করে।সেখানে বালি বিক্রি করে মানুষ মারার ফাঁদ করার কোন প্রশ্নই আসে না।
খয়েরবাড়ী ইউপির প্যানেল চেয়ারম্যান শামীম হোসেন বলেন, একসময় পুকুর থেকে বালি উত্তোলন করায় পুকুরটির আকার বৃদ্ধি পায়। সেই পুকুরটি আশেপাশের লোকজন ব্যবহার করে। কিন্তু এভাবে দুর্ঘটনা ঘটবে তা কেউ ভাবতে পারেনি।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা আহমেদ হাছান বলেন, ‘বিষয়টি জানতে পেরে ঘটনাস্থলে গিয়েছিলাম। তিনি বলেন, মাঠে কয়েকজন শিশু খেলছিল। মাঠের পাশেই পুকুর। হয়তো কোনভাবে পুকুরে নেমে পানিতে ডুবে মারা গেছে। বিষয়টি অত্যন্ত মর্মান্তিক। পরিবারের পাশে দাঁড়ানোর চেষ্টা করা হয়েছে।কেউ কারো বিরুদ্ধে অভিযোগ করেনি।’




















