হামে ২৪ ঘণ্টায় আরও ৬ জনের মৃত্যু
- সংবাদ প্রকাশের সময় : ০৫:০৮:৪৯ অপরাহ্ন, সোমবার, ১১ মে ২০২৬ ১৩ বার পড়া হয়েছে
দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৬ জনের মৃত্যু হয়েছে। সোমবার (১১ মে) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হামরোগী শনাক্ত হয়েছেন এক হাজার ৩৪১ জন। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে ১১ মে পর্যন্ত সন্দেহজনক হামরোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৫০ হাজার ৫০০ জনে।
একই সময়ে নিশ্চিত হাম শনাক্ত হয়েছে ১১৮ জনের। ফলে ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত নিশ্চিত হামরোগীর সংখ্যা বেড়ে হয়েছে ৬ হাজার ৯৩৭ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে ১১ মে পর্যন্ত সন্দেহজনক হাম রোগে হাসপাতালে ভর্তি হয়েছেন ৩৫ হাজার ৯৮০ জন। এর মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছাড়েন ৩১ হাজার ৯৯২ জন।
এদিকে গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি। তবে ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত নিশ্চিত হামে মোট ৬৫ জনের মৃত্যু হয়েছে।
অন্যদিকে, একই সময়ের মধ্যে সন্দেহজনক হামে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৩৫০ জনে।




















