৭ মার্চের ভাষণ বাজানো: দুই মাস পর কারামুক্ত ইমি
- সংবাদ প্রকাশের সময় : ০৬:৪২:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ মে ২০২৬ ৪২ বার পড়া হয়েছে
সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় জামিন পাওয়ার পর কারামুক্ত হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শামসুন্নাহার হল সংসদের সাবেক ভিপি শেখ তাসনিম আফরোজ (ইমি)। গ্রেপ্তারের প্রায় দুই মাস পর বৃহস্পতিবার (৭ মে) সকালে গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্তি পান।
কারাগারের জেলার শিরিন আক্তার বিষয়টি নিশ্চিত করে জানান, সকালে জামিনের কাগজপত্র পাওয়ার পর যাচাই-বাছাই শেষে অন্য কোনো মামলায় আটকাদেশ না থাকায় তাকে মুক্তি দেওয়া হয়।
চলতি বছরের ৭ মার্চ রাতে শাহবাগ থানার সামনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ভাষণ বাজানোকে কেন্দ্র করে এই ঘটনা ঘটে। অভিযোগ অনুযায়ী, রিকশায় করে মাইকে ভাষণ বাজানোর সময় একদল শিক্ষার্থী বাধা দেয় এবং পরে সেখানে উত্তেজনা সৃষ্টি হয়।
পরবর্তীতে পুলিশ ঘটনাস্থল থেকে শেখ তাসনিম আফরোজসহ কয়েকজনকে আটক করে। পরে তাদের সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়।
মামলায় গত ৩০ এপ্রিল হাইকোর্ট থেকে জামিন পান শেখ তাসনিম আফরোজ। বিচারপতি কে এম জাহিদ সারওয়ার ও বিচারপতি শেখ আবু তাহেরের সমন্বয়ে গঠিত বেঞ্চ রুলসহ এ আদেশ দেন।
জামিনের পর বৃহস্পতিবার কারা কর্তৃপক্ষ তাকে মুক্তি দেয়।





















