মুক্তিযোদ্ধা ফজলুর রহমানের বক্তব্যে ১০ মিনিট অচল সংসদ
- সংবাদ প্রকাশের সময় : ০৯:৫৯:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬ ৩৩ বার পড়া হয়েছে
কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান-এর বক্তব্যকে কেন্দ্র করে মঙ্গলবার (২৮ এপ্রিল) জাতীয় সংসদে তীব্র উত্তেজনা সৃষ্টি হয়। এ সময় প্রায় ১০ মিনিট অধিবেশন অচল হয়ে পড়ে।
বক্তব্যে ফজলুর রহমান বলেন, “কোনো মুক্তিযোদ্ধা বা শহীদ পরিবারের সদস্য জামায়াত করতে পারে না, করলে তা দ্বিগুণ অপরাধ।” এ মন্তব্যের পর জামায়াতপন্থী সদস্যরা তীব্র প্রতিবাদ জানান। এদিকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর কিছু সদস্য তার পক্ষে টেবিল চাপড়ালেও অনেকে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেন।
পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ সবাইকে সংযত থাকার আহ্বান জানান এবং বিধি না মানলে সংসদ না চালানোর হুঁশিয়ারি দেন।
বক্তব্যে ফজলুর রহমান ৫ আগস্ট-পরবর্তী সহিংসতা, থানা লুট ও পুলিশ হত্যার ঘটনার তদন্ত দাবি করেন। তিনি বলেন, এসব ঘটনায় জড়িতদের কোনো ধরনের দায়মুক্তি (ইনডেমনিটি) দেওয়া উচিত নয় এবং যথাযথ তদন্ত হওয়া প্রয়োজন।
পরে তার বক্তব্যের জবাবে বিরোধী দলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামী-এর আমির ডা. শফিকুর রহমান কড়া প্রতিক্রিয়া জানান। তিনি বলেন, ব্যক্তিগত পরিচয় ও রাজনৈতিক আদর্শ নিয়ে প্রশ্ন তোলা কারও এখতিয়ারের মধ্যে পড়ে না এবং এটি নাগরিক অধিকারের পরিপন্থী।
তিনি আরও অভিযোগ করেন, তার ব্যক্তিগত পরিচয় নিয়ে প্রশ্ন তোলা হয়েছে এবং কোন রাজনৈতিক দল করবেন তা নির্ধারণের অধিকার তার নিজস্ব। স্পিকারের কাছে তিনি ফজলুর রহমানের বক্তব্যের আপত্তিকর অংশ সংসদের কার্যবিবরণী থেকে বাদ দেওয়ার দাবি জানান।




















