স্কুল ফিডিংয়ের পাউরুটি খেয়ে চাঁপাইনবাবগঞ্জে ২০ শিক্ষার্থী অসুস্থ
- সংবাদ প্রকাশের সময় : ০৭:৫৮:০৩ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬ ৬৫ বার পড়া হয়েছে
চাঁপাইনবাবগঞ্জে সরকারি স্কুল ফিডিং কর্মসূচির খাবার খেয়ে একটি প্রাথমিক বিদ্যালয়ের অন্তত ২০ শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছে। দুর্গন্ধযুক্ত পাউরুটি খাওয়ার পর তাদের মধ্যে পেটব্যথা, বমি ও চোখমুখে জ্বালাপোড়ার উপসর্গ দেখা দেয়।
বুধবার (২২ এপ্রিল) দুপুরে শংকরবাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়–এ এ ঘটনা ঘটে। অসুস্থ শিক্ষার্থীরা দ্বিতীয় থেকে পঞ্চম শ্রেণির বলে জানা গেছে।
সরেজমিনে দেখা যায়, বিতরণ করা পাউরুটি নিম্নমানের হওয়ায় অনেক শিক্ষার্থী তা ফেলে দেয়। শিক্ষার্থীদের অভিযোগ, পাউরুটিতে তীব্র দুর্গন্ধ ছিল এবং তা খাওয়ার অনুপযোগী ছিল।
শিক্ষার্থীরা জানায়, খাবার খাওয়ার পরপরই তাদের অনেকের পেটব্যথা শুরু হয়, কেউ কেউ বমিও করে। এতে অন্যান্য শিক্ষার্থীদের মধ্যেও আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে অসুস্থদের মধ্যে কয়েকজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় এবং অনেককে অভিভাবকরা বাড়িতে নিয়ে যান।
এ ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন অভিভাবকরাও। তারা দ্রুত তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
বিদ্যালয়ের শিক্ষকরা জানান, এর আগেও সরবরাহ করা খাবারের মান নিয়ে অভিযোগ জানানো হয়েছিল। এরপরও নিম্নমানের খাবার সরবরাহ অব্যাহত থাকায় এ ঘটনা ঘটেছে।
খাবার সরবরাহকারী প্রতিষ্ঠান গ্রাম উন্নয়ন কর্ম (গাক)–এর পক্ষ থেকে এ বিষয়ে কোনো বক্তব্য পাওয়া যায়নি।
ঘটনার পর তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছেন জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. সাইফুল ইসলাম। তিনি বলেন, বিষয়টি খতিয়ে দেখতে সংশ্লিষ্ট কর্মকর্তাকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে। অনিয়ম প্রমাণিত হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
উল্লেখ্য, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা–এর ২১৩টি শিক্ষা প্রতিষ্ঠানে প্রতিদিন প্রায় ৪১ হাজার শিক্ষার্থীর জন্য স্কুল ফিডিং কর্মসূচির আওতায় খাবার সরবরাহ করা হয়।





















