সোনারগাঁয়ে এসএসসি পরীক্ষায় প্রশ্নপত্র বিভ্রাট, পরে নতুন প্রশ্ন দিয়ে পরীক্ষা
- সংবাদ প্রকাশের সময় : ০৭:১১:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬ ২৮ বার পড়া হয়েছে
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে এসএসসি পরীক্ষার প্রথম দিনে বাংলা প্রথম পত্রে প্রশ্নপত্র নিয়ে বিভ্রাটের ঘটনা ঘটেছে। ভুলবশত গত বছরের সিলেবাস অনুযায়ী সৃজনশীল প্রশ্ন বিতরণ করা হলে ১ ঘণ্টা ২৫ মিনিট পর বিষয়টি ধরা পড়ে।
ঘটনাটি ঘটে মঙ্গলবার (২১ এপ্রিল) সোনারগাঁ উপজেলার ৪৯৮ নম্বর কাঁচপুর ওমর আলী উচ্চবিদ্যালয় কেন্দ্রে। কেন্দ্রটিতে মোট ৭৬৩ জন পরীক্ষার্থীর মধ্যে ৭৬০ জন পরীক্ষায় অংশ নেয়।
কেন্দ্র সূত্রে জানা যায়, দুটি হলের ১৭৭ জন পরীক্ষার্থীকে ২০২৫ সালের সিলেবাসের প্রশ্নপত্র দেওয়া হয়েছিল। পরে ভুল ধরা পড়লে তাৎক্ষণিকভাবে ওই দুটি হলে পরীক্ষা স্থগিত করা হয়।
পরবর্তীতে শিক্ষার্থীদের ২০২৬ সালের ঢাকা বোর্ডের সঠিক প্রশ্নপত্র সরবরাহ করে অতিরিক্ত সময় দিয়ে পরীক্ষা নেওয়া হয়।
শিক্ষার্থীরা জানায়, ভুল প্রশ্নপত্র পাওয়ার পর অনেকেই আতঙ্কিত হয়ে পড়ে এবং কান্নাকাটিও করে।
কেন্দ্রসচিব মো. আবদুল মতিন সরকার বলেন, “ভুলটি দ্রুত শনাক্ত করে সংশোধন করা হয়েছে। শিক্ষার্থীদের ক্ষতিপূরণ হিসেবে অতিরিক্ত সময় দেওয়া হয়েছে এবং নতুন প্রশ্নপত্রে পরীক্ষা নেওয়া হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট শিক্ষা কর্তৃপক্ষকে জানানো হয়েছে।”
তবে এ ঘটনায় পরীক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। তাদের অভিযোগ, এমন অবহেলার কারণে শিক্ষার্থীদের মানসিক চাপ তৈরি হয়েছে। দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা।
এ বিষয়ে আসিফ আলী জিন্নাহ বলেন, ভুলের কারণে কিছু সময়ের সমস্যা হলেও শিক্ষার্থীদের ক্ষতি যাতে না হয়, সে জন্য অতিরিক্ত সময় দিয়ে পরীক্ষা সম্পন্ন করা হয়েছে। বিষয়টি শিক্ষা বোর্ডকে জানানো হয়েছে বলেও তিনি জানান।





















