তারাকান্দায় পলিটেকনিক শিক্ষার্থীকে হত্যা: ৭ আসামির মৃত্যুদণ্ড
- সংবাদ প্রকাশের সময় : ০৭:০৩:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬ ৩০ বার পড়া হয়েছে
ময়মনসিংহের তারাকান্দায় পলিটেকনিক্যাল শিক্ষার্থী শাহীনুর আলম ওরফে ইকবাল হত্যা মামলায় সাতজনকে মৃত্যুদণ্ড এবং দুইজন নারীকে সাত বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।
মঙ্গলবার (২১ এপ্রিল) বিকেলে ময়মনসিংহের সিনিয়র জেলা ও দায়রা জজ মোহাম্মদ জাকির হোসেন এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় সব আসামিই আদালতে উপস্থিত ছিলেন।
মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন— আসিফ রানা নাঈম, মো. গোলাম হোসেন, মো. আব্দুল হেলিম, মোহাম্মদ আলী, মো. ফরিদ আহম্মেদ (বাবু), মো. ইউনুছ আলী ও শামছুল হক। একই মামলায় মোছা. খালেদা আক্তার ও মোছা. রেহেনা খাতুনকে সাত বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
আদালত মৃত্যুদণ্ডপ্রাপ্তদের প্রত্যেককে ৫০ হাজার টাকা করে এবং দুই নারী আসামিকে ২৫ হাজার টাকা করে অর্থদণ্ডও করেন। অর্থদণ্ড অনাদায়ে অতিরিক্ত কারাদণ্ড ভোগ করতে হবে।
মামলার নথি অনুযায়ী, ২০২১ সালের ৩১ মে রাতে রুমডো পলিটেকনিক্যাল ইনস্টিটিউটের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী শাহীনুর আলম নিখোঁজ হন। পরে ৬ জুন তারাকান্দার একটি সেপটিক ট্যাংক থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
এ ঘটনায় নিহতের ভাই মো. সেলিম মিয়া তারাকান্দা থানায় অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে মামলা করেন। পরবর্তীতে তদন্তে একাধিক আসামির সম্পৃক্ততা পাওয়া যায় এবং আদালতে ৯ জনের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয় বলে রায়ে উল্লেখ করা হয়।






















