অনলাইনে গ্রেপ্তার-হয়রানি নিয়ে ছাত্রশিবিরের উদ্বেগ
- সংবাদ প্রকাশের সময় : ১১:৪১:০৩ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬ ১৯ বার পড়া হয়েছে
অনলাইন প্ল্যাটফর্মে ভিন্নমত প্রকাশের কারণে দেশজুড়ে গ্রেপ্তার ও হয়রানির ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।
রোববার (২০ এপ্রিল) সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম ও সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ এক যৌথ বিবৃতিতে এ উদ্বেগ জানান।
বিবৃতিতে নেতারা অভিযোগ করেন, সামাজিক যোগাযোগমাধ্যমে মতপ্রকাশের কারণে সাধারণ নাগরিক ও রাজনৈতিক কর্মীদের বিরুদ্ধে গ্রেপ্তার অভিযান চলছে। তারা দাবি করেন, ফেসবুক পোস্ট বা কার্টুন শেয়ার করার মতো ঘটনায়ও বিভিন্ন জেলায় মানুষকে আটক করা হচ্ছে।
তাদের ভাষ্য অনুযায়ী, ময়মনসিংহ, ঢাকা, মুন্সীগঞ্জ, ঠাকুরগাঁও ও ভোলা-সহ বিভিন্ন এলাকায় এমন গ্রেপ্তারের ঘটনা ঘটেছে।
সংগঠনটি অভিযোগ করে, নির্বাচনের আগে বাকস্বাধীনতার প্রতিশ্রুতি দেওয়া হলেও বর্তমানে সমালোচনা সহ্য করা হচ্ছে না। বিশেষ করে ৫৪ ধারা ও সাইবার আইনের অপব্যবহারের কথাও উল্লেখ করা হয়।
বিবৃতিতে বলা হয়, একটি গণতান্ত্রিক রাষ্ট্রে নাগরিকদের মতপ্রকাশের স্বাধীনতা থাকা উচিত। কিন্তু বর্তমান পরিস্থিতিতে অনলাইন অ্যাক্টিভিস্ট, শিক্ষার্থী ও সাধারণ মানুষকে টার্গেট করা হচ্ছে বলে অভিযোগ তাদের।
ছাত্রশিবির এসব ঘটনার নিন্দা জানিয়ে গ্রেপ্তার ব্যক্তিদের নিঃশর্ত মুক্তি দাবি করেছে এবং সরকারকে সমালোচনা গ্রহণের আহ্বান জানিয়েছে।























