এইচএসসি পরীক্ষার কেন্দ্র তালিকা প্রকাশ, জানা গেল গুরুত্বপূর্ণ নির্দেশনা
- সংবাদ প্রকাশের সময় : ১১:৩৩:২১ অপরাহ্ন, শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬ ৪৬ বার পড়া হয়েছে
২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষার কেন্দ্র তালিকা প্রকাশ করা হয়েছে। শুক্রবার (১০ এপ্রিল) ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড তাদের ওয়েবসাইটে এ তালিকা প্রকাশ করে। কেন্দ্র তালিকা দেখুন এখতে এখানে ক্লিক করুন
প্রকাশিত তালিকায় কেন্দ্রের নাম ও কোড নম্বরের পাশাপাশি সংশ্লিষ্ট কেন্দ্রের আওতাধীন কলেজগুলোর নাম ও কোড, কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা এবং তত্ত্বাবধায়ক কর্মকর্তাদের বিস্তারিত তথ্য অন্তর্ভুক্ত করা হয়েছে।
বোর্ডের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তারা সংশ্লিষ্ট কলেজের অধ্যক্ষদের কাছ থেকে কেন্দ্র ফির টাকা সংগ্রহ করবেন। পরে জেলা প্রশাসকের মাধ্যমে ঢাকা শিক্ষা বোর্ড থেকে গোপনীয় কাগজপত্র, অলিখিত উত্তরপত্রসহ প্রয়োজনীয় সরঞ্জাম গ্রহণ করে পরীক্ষা পরিচালনা করতে হবে।
এছাড়া প্রতিদিন পরীক্ষা শেষে সন্ধ্যা ৭টার মধ্যে ডাকযোগে ওএমআর-এর প্রথম অংশ ঢাকা শিক্ষা বোর্ডের কম্পিউটার কেন্দ্রে পাঠাতে হবে। একইসঙ্গে উত্তরপত্রগুলো পরীক্ষা পরিচালনা নীতিমালা অনুযায়ী পরীক্ষা নিয়ন্ত্রকের কাছে প্রেরণ করতে হবে।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, ভেন্যু কেন্দ্রগুলো মূল কেন্দ্র থেকে প্রয়োজনীয় অর্থ ও কাগজপত্র সংগ্রহ করে পরীক্ষা পরিচালনা করবে এবং পরীক্ষা শেষে সব নথি মূল কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তার কাছে জমা দেবে।
তত্ত্বাবধায়ক কর্মকর্তা হিসেবে জেলা সদরে জেলা প্রশাসক এবং উপজেলায় উপজেলা নির্বাহী কর্মকর্তারা দায়িত্ব পালন করবেন। এছাড়া কেন্দ্র হিসেবে নির্বাচিত কলেজের অধ্যক্ষ বা ভারপ্রাপ্ত অধ্যক্ষই কেন্দ্রের দায়িত্বে থাকবেন; প্রয়োজনে কলেজের সিনিয়র কোনো অধ্যাপককেও এ দায়িত্ব দেওয়া হতে পারে।





















