ধলেশ্বরী সেতুর টোল বন্ধের দাবিতে সড়কে বসে প্রতিবাদ
- সংবাদ প্রকাশের সময় : ০৯:০৯:১২ অপরাহ্ন, শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬ ৮২ বার পড়া হয়েছে
টাঙ্গাইলের নাগরপুরে ধলেশ্বরী সেতুর টোল বন্ধের দাবিতে সড়কের ওপর বসে সংবাদ সম্মেলন করেছেন স্থানীয় সড়ক ব্যবহারকারী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
শুক্রবার (১০ এপ্রিল) জুমার নামাজের পর টাঙ্গাইল-আরিচা মহাসড়কের নাগরপুর সরকারি কলেজ গেট সংলগ্ন এলাকায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে পরিবহন শ্রমিকসহ স্থানীয় বাসিন্দারা অংশ নেন।
বক্তারা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে ধলেশ্বরী সেতুর টোল আদায় চালু থাকায় সাধারণ মানুষ ও যানবাহন চালকদের অতিরিক্ত অর্থনৈতিক চাপ পড়ছে। তারা অবিলম্বে টোল আদায় বন্ধের দাবি জানান।
বৈষম্যবিরোধী আন্দোলনের কর্মী Abu Bakar Siddik বলেন, ৫ আগস্টের পর টোল আদায় বন্ধের দাবি জোরালো হলেও পরে প্রশাসনিক অনুমোদনে আবার তা চালু রাখা হয়। তিনি আরও দাবি করেন, আগের সময়ে বিষয়টি নিয়ে স্মারকলিপি দেওয়া হলেও এখনো কার্যকর সিদ্ধান্ত হয়নি।
আন্দোলনকারীদের অভিযোগ, নতুন করে দরপত্র আহ্বান করায় স্থানীয়দের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছে। তাদের দাবি, নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী টোল বন্ধ করা উচিত ছিল।
সংবাদ সম্মেলন থেকে সরকারের কাছে দ্রুত ধলেশ্বরী সেতুর টোল বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়, যাতে সড়ক ব্যবহারকারীদের দুর্ভোগ কমে আসে।























