য়োদশ জাতীয় সংসদ নির্বাচন
প্রার্থীর ব্যয়সীমা ২৫ থেকে ৮৪ লাখ টাকা, লঙ্ঘনে সর্বোচ্চ ৭ বছর জেল
- সংবাদ প্রকাশের সময় : ০১:২৫:৩৫ অপরাহ্ন, রবিবার, ৪ জানুয়ারী ২০২৬ ৯০ বার পড়া হয়েছে
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীদের সর্বোচ্চ নির্বাচনী ব্যয় নির্ধারণ করেছে নির্বাচন কমিশন (ইসি)। আসনভেদে একজন প্রার্থী সর্বনিম্ন ২৫ লাখ টাকা থেকে সর্বোচ্চ ৮৪ লাখ টাকা পর্যন্ত ব্যয় করতে পারবেন। এই সীমা অতিক্রম করলে সর্বোচ্চ সাত বছর কারাদণ্ড ও অর্থদণ্ডের বিধান রয়েছে।
ইসি কর্মকর্তারা জানান, আসনভিত্তিক ভোটার সংখ্যার ওপর নির্ভর করে ব্যয়সীমা নির্ধারণ করা হয়েছে। গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) অনুযায়ী, ভোটারপ্রতি সর্বোচ্চ ১০ টাকা অথবা ২৫ লাখ টাকা—এই দুইয়ের মধ্যে যেটি বেশি, সেটিই হবে সংশ্লিষ্ট আসনের প্রার্থীর ব্যয়সীমা।
সর্বোচ্চ ব্যয়সীমার আসন
ভোটার সংখ্যার দিক থেকে দেশের সবচেয়ে বড় আসন গাজীপুর-২। এখানে ভোটার সংখ্যা ৮ লাখ ৪ হাজার ৩৩৩ জন। ফলে এ আসনে প্রার্থীরা সর্বোচ্চ ৮৪ লাখ ৩ হাজার ৩৩০ টাকা ব্যয় করতে পারবেন।
এর পরের অবস্থানে রয়েছে—
ঢাকা-১৯: ৭ লাখ ৪৭ হাজার ভোটার, ব্যয়সীমা ৭৪ লাখ ৭০ হাজার ৭০০ টাকা
গাজীপুর-১: ৭ লাখ ২০ হাজার ভোটার, ব্যয়সীমা ৭২ লাখ ৯ হাজার ৩৯০ টাকা
নোয়াখালী-৪: ব্যয়সীমা প্রায় ৭০ লাখ টাকা
বিভিন্ন ভোটার শ্রেণিতে ব্যয়সীমা
৬ লাখের বেশি ভোটার: ৭টি আসন, ব্যয়সীমা প্রায় ৬০–৬৯ লাখ টাকা
৫ লাখের বেশি ভোটার: ৫২টি আসন, ব্যয়সীমা ৫০–৫৯ লাখ টাকা
৪ লাখের বেশি ভোটার: ১১৩টি আসন, ব্যয়সীমা ৪০–৪৯ লাখ টাকা
৩ লাখের বেশি ভোটার: ১০৪টি আসন, ব্যয়সীমা ৩০–৩৯ লাখ টাকা
২ লাখের বেশি ভোটার: ২০টি আসন, ব্যয়সীমা ২৫–২৯ লাখ টাকা
তবে যেসব আসনে ভোটারসংখ্যা কম হওয়ায় ভোটারপ্রতি ১০ টাকা হিসেবে হিসাব করলে ব্যয়সীমা ২৫ লাখ টাকার নিচে নেমে আসে, সেসব ক্ষেত্রেও ন্যূনতম ব্যয়সীমা ২৫ লাখ টাকা নির্ধারিত থাকবে।
শাস্তির বিধান
নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানউল্লাহ বলেন, ব্যয়সীমা অমান্য করা হলে তা বে-আইনিকার্য হিসেবে গণ্য হবে। আরপিওর ৭৩ অনুচ্ছেদ অনুযায়ী, এ অপরাধে ন্যূনতম দুই বছর থেকে সর্বোচ্চ সাত বছর কারাদণ্ড এবং অর্থদণ্ড হতে পারে।
নির্বাচনের হালচাল
সর্বশেষ হালনাগাদ অনুযায়ী দেশে ভোটার সংখ্যা প্রায় ১২ কোটি ৭৭ লাখ। আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য নির্বাচনে ৫৯টি নিবন্ধিত দলের মধ্যে ৫১টি দল অংশ নিচ্ছে। রাজনৈতিক দলগুলো থেকে ২ হাজার ৯১টি এবং স্বতন্ত্র প্রার্থীদের কাছ থেকে ৪৭৮টি মনোনয়নপত্র জমা পড়েছে।






















