মন খুলে কথা বলি: আত্মহত্যাকে না বলি
- সংবাদ প্রকাশের সময় : ১১:১২:২৮ পূর্বাহ্ন, রবিবার, ৭ সেপ্টেম্বর ২০২৫ ১৮৮ বার পড়া হয়েছে
প্রতিটি মানুষের জীবনেই এক একটি অনন্য গল্প থাকে। যেখানে থাকে স্বপ্ন, আশা, ভালোবাসা, আর কখনো কখনো কঠিন সব সংগ্রাম। জীবনের প্রতিটি অধ্যায়ে আমরা নতুন নতুন কঠিন অভিজ্ঞতার মুখোমুখি হই। এইসব কঠিন পরিস্থিতিতে সবাই নিজেকে সামলাতে পারে না। কিছু মানুষ দুনিয়ার এই চরম বাস্তবতাকে মেনে নিতে পারে না। যেকারণে এই পৃথিবীতে প্রতি বছর লক্ষ লক্ষ মানুষ এমন এক চরম সিদ্ধান্তে পৌঁছায়, যেখানে তারা মনে করে তাদের গল্পের আর কোনো ভালো সমাপ্তি নেই। তাই চূড়ান্ত ভুল সিদ্ধান্ত আত্মহত্যাকেই তারা সব সমস্যার সমাধান মনে করে সেদিকে পা বাড়ায়।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার (WHO) তথ্য অনুযায়ী, প্রতি ৪০ সেকেন্ডে একজন মানুষ নিজের জীবন শেষ করে দেয়। এই সংখ্যাটি আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়, আত্মহত্যা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, এটি একটি নীরব মহামারী। একটি মানুষের জীবন শেষ হওয়ার মধ্য দিয়ে শুধু একটি গল্পই শেষ হয় না, বরং একটি পরিবার, একটি বন্ধুবৃত্ত এবং একটি সমাজের জন্যও এটি স্থায়ী ক্ষত তৈরি করে।
প্রতি বছর ১০ সেপ্টেম্বর বিশ্ব আত্মহত্যা প্রতিরোধ দিবস পালন করা হয়। এই দিনটির মূল উদ্দেশ্য হলো—আত্মহত্যা প্রতিরোধে সচেতনতা বাড়ানো এবং মানসিক স্বাস্থ্য নিয়ে খোলামেলা আলোচনার একটি পরিবেশ তৈরি করা। এই বছরের প্রতিপাদ্য “Changing the Narrative on Suicide” অর্থাৎ “আত্মহত্যা নিয়ে ধারণা বদলানো”। এটা আমাদের মনে করিয়ে দেয় যে, নীরবতা নয় বরং খোলামেলা আলাপই পারে একটি জীবন বাঁচাতে। কারণ, আমরা যত বেশি এই বিষয়টিকে আড়াল করব, তত বেশি মানুষ একা হয়ে যাবে, আর সাহায্য চাইতে ভয় পাবে।
আত্মহত্যার বাস্তব চিত্র: বাংলাদেশের প্রেক্ষাপট
আত্মহত্যা কোনো একক বা হঠাৎ নেওয়া সিদ্ধান্ত নয়; বরং এটি নানা মানসিক, সামাজিক ও ব্যক্তিগত সমস্যার সম্মিলিত ফল। বাংলাদেশের প্রেক্ষাপটে এই চিত্রটি আরও উদ্বেগজনক। আমাদের দেশে প্রতি বছর হাজার হাজার মানুষ আত্মহত্যা করে, যার মধ্যে তরুণ-তরুণীদের সংখ্যা বিশেষভাবে উল্লেখযোগ্য। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী থেকে শুরু করে স্কুলের কিশোর-কিশোরীরা পর্যন্ত এই ঝুঁকির মধ্যে রয়েছে।
তবে আমাদের মতো দরিদ্র দেশে এই সমস্যাটি আরও ভয়াবহ কারণ, আমাদের সমাজে আমরা এখনও আত্মহত্যা বা মানসিক স্বাস্থ্য নিয়ে খোলাখুলি কথা বলতে চাই না। পরিবারের মধ্যে মানসিক সমস্যা বা কষ্টের কথা গুলো রীতিমতো উপেক্ষিত থাকে। ফলে অধিকাংশ বাবা-মারা ভাবেন, ছেলেমেয়েরা বুঝি শুধু পড়াশোনার চাপ বা সম্পর্কের সাময়িক জটিলতা নিয়ে মন খারাপ করে আছে, এটা কিছু না, সময় হলে সব ঠিক হয়ে যাবে।
কিন্তু এই উপেক্ষা থেকেই অনেক সময় বড় বিপদ তৈরি হয়। এছাড়াও সমাজে মানসিক রোগকে এখনও কলঙ্ক বা নিজেদের দুর্বলতা হিসেবে দেখা হয়, যার কারণে অনেক ভুক্তভোগী সাহায্য চাইতে লজ্জা পায়। যা তাদেরকে সঠিক পথ থেকে দূরে সরিয়ে দেয়। আর তাই এই নীরবতা ভেঙে আমাদের সবাইকে খোলামেলা কথা বলতে হবে।
আত্মহত্যার মূল কারণ
আত্মহত্যার পেছনে অসংখ্য কারণ থাকতে পারে। এগুলোকে কয়েকটি প্রধান ভাগে ভাগ করা যায়:
মানসিক কারণ
এটি আত্মহত্যার সবচেয়ে বড় কারণ। দীর্ঘস্থায়ী বিষণ্নতা, তীব্র উদ্বেগ, জীবনের কোনো ভয়াবহ ঘটনা থেকে পাওয়া ট্রমা, বা তীব্র একাকিত্ব—এগুলো একজন মানুষকে ধীরে ধীরে আত্মঘাতী প্রবণতার দিকে ঠেলে দেয়। প্রিয়জন হারানো, চাকরি চলে যাওয়া বা জীবনের বড় ব্যর্থতা, কিংবা সামাজিক লজ্জাও অনেকের মানসিক শক্তিকে সম্পূর্ণ ভেঙে দেয়।
সামাজিক কারণ
সামাজিক চাপ মানুষের জীবনে অনেক প্রভাব ফেলে। স্কুল কলেজে বন্ধুদের বুলিং, সম্পর্ক ভেঙে যাওয়া, পারিবারিক অশান্তি, বা সামাজিক বিচ্ছিন্নতা মানুষের আত্মবিশ্বাস ধ্বংস করে দেয়। বিশেষ করে তরুণ তরুণীদের ক্ষেত্রে সামাজিক মাধ্যমের নেতিবাচক প্রভাব, যেমন—অনলাইন বুলিং, সাইবার প্রতারণা, অনলাইন ব্ল্যাকমেইলিং বা অন্যদের সাথে নিজের জীবনের তুলনা করে হীনম্মন্যতায় ভোগা ইত্যাদি বড় ভূমিকা রাখে।
অর্থনৈতিক কারণ
বেকারত্ব, ঋণ, আর্থিক অনিশ্চয়তা, ব্যবসায়ে লোকসান বা জুয়ায় আর্থিক ক্ষতি—এগুলো অনেকের জন্য অসহনীয় মানসিক চাপ তৈরি করে। ফলে তারা এ ধরনের পরিস্থিতি থেকে বের হতে না পেরে কেউ কেউ জীবনের চরম সিদ্ধান্ত নেয়।
শারীরিক কারণ
দীর্ঘমেয়াদী শারীরিক অসুস্থতা বা অক্ষমতা কেবল শারীরিক কষ্টই নয়, মানসিক ভরসাও কমিয়ে দেয়। দীর্ঘস্থায়ী ব্যথা বা জটিল রোগের কারণে অনেকেই মনে করেন তারা পরিবার বা সমাজের জন্য বোঝা, যা আত্মহত্যার ঝুঁকি বাড়ায়।
কেন কথা বলা জরুরি: নীরবতা নয়, আলাপেই মুক্তি
আত্মহত্যার বিরুদ্ধে সবচেয়ে শক্তিশালী অস্ত্র হলো খোলাখুলি কথা বলা। নীরবতা শুধু সমস্যাকে লুকিয়ে রাখে, কিন্তু আলাপ আলোচনা সেই সমস্যার সমাধানের দরজা খুলে দেয়।
মনের চাপ কমে
কারো সঙ্গে নিজের কষ্ট বা হতাশা ভাগ করলে মন হালকা হয়। যখন কোনো মানুষ হতাশা বা বিষাদগ্রস্ত থাকে তখন অধিকাংশ মানুষ তাদের স্বাভাবিক হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলে। ফলে তারা সিদ্ধান্ত নিতে ভুল করে। তাই কারো সাথে যখন নিজের দুঃখ কষ্টের কথা শেয়ার করা যায়, তখন হতাশাগ্রস্ত ব্যক্তি নিজের উপর আস্থা ফিরে পায়।
আশা ফিরে আসে
যখন কোনো মানুষ অনুভব করে যে তার পাশে একজন আছে, যে তার কথা শুনছে, তখন সে জীবনে নতুন করে আশা খুঁজে পায়। আর এভাবে একজন হতাশাগ্রস্ত মানুষ অন্যের সমর্থন পেয়ে আবার জীবনের প্রতি আগ্রহী হয়ে উঠে।
পক্ষপাতহীন শ্রোতা
একজন আত্মহত্যা প্রবণ মানুষের সাথে পক্ষপাতহীন শ্রোতার কথা বলার সবচেয়ে বড় উপকারিতা রয়েছে। ভিকটিম সবার কাছে যখন নিগৃহীত হয়, তখন একজন পক্ষপাতহীন শ্রোতা, যে তার সমালোচনা না করে, বরং শুধু মন দিয়ে তার মনের কষ্ট গুলো শুনে তাকে সাপোর্ট করে। তাহলে তার একাকিত্ব দূর হয় আর এটা তাকে নতুন করে বাঁচতে সাহায্য করে।
আত্মহত্যা প্রতিরোধে ব্যক্তিগত উদ্যোগ
প্রতিটি মানুষের পক্ষেই তার আশেপাশের মানুষকে সাহায্য করা সম্ভব। কিছু সাধারণ বিষয় খেয়াল রাখলেই আমরা একজন হতাশাগ্রস্ত মানুষের জীবন বাঁচাতে পারি।
প্রিয়জনের পরিবর্তন লক্ষ্য করুন
আপনার কাছের কেউ যদি হঠাৎ করে চুপ হয়ে যায়, হাসাহাসি কমিয়ে দেয়, প্রিয় কোনো কাজে আগ্রহ হারিয়ে ফেলে, অথবা খাওয়া-ঘুমের অভ্যাসে পরিবর্তন আসে—এগুলো আত্মহত্যার সতর্ক সংকেত হিসেবে ধরে নিতে হবে। আশেপাশে কারো যদি এ ধরনের পরিবর্তন দেখা যায়, তাহলে সাথে সাথে তার সাথে এই বিষয়ে আলোচনা করে সমস্যা যাচাই করতে হবে।
খোলামেলা আলোচনা করুন
কারো পরিবর্তন দেখলেই, “তুমি কেমন আছ?”—এই সহজ প্রশ্নটি তাকে খুব আন্তরিকতার সাথে জিজ্ঞেস করুন। তাকে বলুন যে আপনি তার কথা শুনতে আগ্রহী। আর এভাবেই তার সমস্যা নিয়ে কথা বলার সুযোগ তৈরি করে দিন। হতে পারে এই আলোচনা মাধ্যমে সে নতুন পথের দিশা পাবে।
পাশে থাকুন
যখনই আপনার আশেপাশে এই জাতীয় বিপর্যস্ত, হতাশাগ্রস্ত মানুষ দেখতে পাবেন, তখনই তার পাশাপাশি থাকার চেষ্টা করুন। মানসিকভাবে বিপর্যস্ত কাউকে একা থাকতে দেবেন না। তাকে অনুভব করান যে সে একা নয়, এবং তার পাশে আপনি আছেন। এবং আপনি তার যাবতীয় সমস্যা সমাধানে আন্তরিক।
বিশেষজ্ঞের পরামর্শ নিন
যখন আপনার আন্তরিকতার পরও সে আপনাকে বিশ্বাস করতে না চায়, তাহলে সাথে সাথে বিষয়টি নিয়ে গুরুত্ব দিয়ে ভাবুন। যদি দেখেন যে অবস্থা গুরুতর, তাহলে তাকে একজন মনোরোগ বিশেষজ্ঞ বা কাউন্সেলরের কাছে যেতে উৎসাহিত করুন।
নিজের যত্ন নিন
অন্যের পাশে দাঁড়ানোর পাশাপাশি নিজের মানসিক স্বাস্থ্যের যত্ন নেওয়াও জরুরি। স্বাস্থ্যকর জীবনযাপন, নিয়মিত ব্যায়াম, প্রকৃতির কাছাকাছি থাকা, শখের কাজে সময় দেওয়া—এগুলো আমাদের নিজের মানসিক স্থিতি বাড়াতে সাহায্য করে।
পরিবার, সমাজ ও রাষ্ট্রের ভূমিকা
ব্যক্তিগত উদ্যোগের পাশাপাশি পরিবার, সমাজ ও রাষ্ট্রকে একসঙ্গে কাজ করতে হবে। তবেই আমরা এ ভয়াবহ পরিস্থিতি থেকে নিজেদের রক্ষা করতে পারবো।
পরিবারের মধ্যে নিরাপদ পরিবেশ
প্রতিটা মানুষেরই পরিবার হচ্ছে তার প্রধান আশ্রয়স্থল। তাই পরিবারে এমন একটি পরিবেশ তৈরি করতে হবে যেখানে সবাই নির্দ্বিধায় মনের কথা বলতে পারে। বাবা-মাকে সন্তানের মানসিক স্বাস্থ্য নিয়ে সচেতন হতে হবে। যাতে তাদের মানসিক পরিবর্তন লক্ষ্য করার সাথে সাথে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা যায়।
শিক্ষাপ্রতিষ্ঠানে কাউন্সেলিং
অধিকাংশ ক্ষেত্রে স্কুল কলেজের বা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আত্মহত্যা জড়িয়ে পড়ে। তাই প্রতিটি স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ে মানসিক স্বাস্থ্যসেবা ও দক্ষ কাউন্সেলিং সাপোর্ট থাকা জরুরি।
কর্মক্ষেত্রে উদ্যোগ
কর্মক্ষেত্রে মানসিক চাপ কমানোর উদ্যোগ নেওয়া উচিত। কর্মীদের জন্য মানসিক স্বাস্থ্যের দিক থেকে একটি সুস্থ পরিবেশ তৈরি করা দরকার।
সচেতনতা কর্মসূচি
মানসিক রোগ নিয়ে সমাজে যে ভুল ধারণা বা কুসংস্কার আছে, তা দূর করতে সচেতনতা কর্মসূচি চালাতে হবে। যাতে মানসিক রোগকে কেউ অবহেলা না করে।
রাষ্ট্র ও নীতি নির্ধারকদের ভূমিকা
ব্যক্তি, পরিবার ও শিক্ষা প্রতিষ্ঠানের পাশাপাশি রাষ্ট্র এবং রাষ্ট্রীয় নীতি নির্ধারকদের আত্মহত্যা প্রতিরোধে ভূমিকা রাখতে হবে।
সহজলভ্য মানসিক স্বাস্থ্যসেবা
প্রতিটি জেলা ও উপজেলা পর্যায়ে মানসিক স্বাস্থ্য বিভাগ চালু করা এবং কম খরচে চিকিৎসা নিশ্চিত করা জরুরি।
জাতীয় হেল্পলাইন
একটি নির্ভরযোগ্য এবং ২৪/৭ বিনামূল্যের হটলাইন চালু ও ব্যাপক প্রচার করা উচিত, যাতে যেকোনো সময় যেকোনো প্রান্ত থেকে মানুষ সহায়তা পেতে পারে।
গণমাধ্যমের দায়িত্ব
গণমাধ্যমকে আত্মহত্যার খবর প্রকাশে দায়িত্বশীল হতে হবে। আত্মহত্যার খবর এমনভাবে প্রকাশ করা উচিত নয়, যাতে তা মানুষকে উৎসাহিত না করে। বরং, প্রতিরোধমূলক তথ্য ও আশা জাগানিয়া খবর বেশি করে প্রচার করা উচিত। যাতে যারা আত্মহত্যা প্রবণ ব্যক্তি রয়েছে তারা নিজেদের পরিবর্তন করতে পারে।
বাংলাদেশে সহায়তার হেল্পলাইন: প্রয়োজনে এক কলেই সাহায্য
যদি আপনার মনে হয় আপনি বা আপনার পরিচিত কেউ আত্মঘাতী চিন্তায় ভুগছেন, তবে দয়া করে দেরি না করে সাহায্য নিন। আপনার জন্য কিছু জরুরি হেল্পলাইন নম্বর নিচে দেওয়া হলো:
কান পেতে রই (২৪/৭ হেল্পলাইন): ০১৭৭৯-৫৭২-৮৭১
মনের বন্ধু: ০১৭৭৯-৮৮৪-৫১৫
Psychological Health and Wellness Clinic: ০১৭৭৯-০০৮-০৮৮
হাসিখুশি হেল্পলাইন: ০১৩২২২৩৮৪৭৮
ডিপার্টমেন্ট অব সাইকোলজি, ঢাকা বিশ্ববিদ্যালয়: ০১৫২১৫৫৬৮০১
আসুন জীবনকে হ্যাঁ বলি
আত্মহত্যা কোনো সমস্যার সমাধান নয়। যত বড় কষ্টই আসুক, জীবনের নতুন সুযোগ সবসময়ই অপেক্ষা করে। আমাদের দায়িত্ব হলো একে অপরের পাশে দাঁড়ানো, মন খুলে কথা বলার সুযোগ তৈরি করা এবং প্রয়োজন হলে পেশাদার বিশেষজ্ঞের সহায়তা নেওয়া।
“মন খুলে কথা বলি”—এটি কেবল একটি বাক্য নয়, এটি জীবন বাঁচানোর প্রতিশ্রুতি। আসুন, আমরা সবাই মিলে এমন একটি সমাজ গড়ি, যেখানে কেউ আর একা নয়, কেউ আর নীরবে হারিয়ে যায় না। প্রতিটি জীবন মূল্যবান, আর সেই জীবনকে গড়ে তোলার দায়িত্ব আমাদের সবার।
সাখাওয়াতুল আলম চৌধুরী
লেখক ও সমাজ গবেষক।





















