১১ মাসের ব্যবধানে একই থানায় আবারও ওসি, নীতিমালা নিয়ে প্রশ্ন
- সংবাদ প্রকাশের সময় : ১২:৩১:০৬ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬ ২২ বার পড়া হয়েছে
পুলিশের ওসি পদায়নে জারি করা ২২ দফা নীতিমালায় একই থানায় কোনো কর্মকর্তাকে দ্বিতীয়বার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে পদায়ন না করার নির্দেশনা রয়েছে। তবে সেই নির্দেশনার মধ্যেই প্রায় ১১ মাসের ব্যবধানে ঠাকুরগাঁও সদর থানায় আবারও ওসি হিসেবে যোগ দিয়েছেন মো. সরোয়ার আলম খান। তাঁর পুনরায় একই থানায় পদায়ন নিয়ে প্রশ্ন উঠেছে। যদিও জেলা পুলিশের কর্মকর্তারা বলছেন, এ পদায়নের সিদ্ধান্ত ঊর্ধ্বতন পর্যায় থেকে এসেছে। অন্যদিকে, রংপুর রেঞ্জের ডিআইজি জানিয়েছেন, সরোয়ার আলম খানের যোগদানের বিষয়টি তাঁর জানা নেই।
পুলিশ সূত্রে জানা যায়, ২০২৫ সালের এপ্রিলের মাঝামাঝি সময়ে প্রথমবার ঠাকুরগাঁও সদর থানার ওসি হিসেবে যোগ দেন সরোয়ার আলম খান। প্রায় সাড়ে সাত মাস দায়িত্ব পালনের পর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে ওই বছরের ২ ডিসেম্বর লটারির মাধ্যমে তাঁকে গাইবান্ধার পলাশবাড়ী থানায় বদলি করা হয়। ৬ ডিসেম্বর সেখানে ওসি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন তিনি।
পলাশবাড়ী থানায় দায়িত্ব পালনের পর চলতি বছরের ১৪ নভেম্বর আবারও ঠাকুরগাঁও সদর থানার ওসি হিসেবে যোগ দেন সরোয়ার আলম খান। অর্থাৎ প্রায় ১১ মাসের ব্যবধানে একই থানায় দ্বিতীয়বার ওসির দায়িত্ব নেন তিনি।
ঠাকুরগাঁও জেলা পুলিশের সরকারি ওয়েবসাইটেও সরোয়ার আলম খানকে সদর থানার ওসি হিসেবে দেখানো হয়েছে। সেখানে তাঁর সর্বশেষ যোগদানের তারিখ ১৪ নভেম্বর ২০২৬ উল্লেখ রয়েছে। এর আগে তিনি গাইবান্ধার পলাশবাড়ী থানার ওসি হিসেবে কর্মরত ছিলেন।
২২ দফা নীতিমালায় যা বলা আছে
পুলিশ সদর দপ্তর ২০২৫ সালের ৩ জুলাই থানার ওসি পদায়নের জন্য ২২ দফা নীতিমালা জারি করে। এতে ওসি পদে নিয়োগের যোগ্যতা, অযোগ্যতা, বদলি এবং দায়িত্ব পালনের সময়সীমা নিয়ে বিভিন্ন নির্দেশনা দেওয়া হয়।
নীতিমালার অন্যতম শর্তে বলা হয়েছে, কোনো কর্মকর্তা একবার ওসি হিসেবে দায়িত্ব পালন করলে তাঁকে একই থানায় দ্বিতীয়বার পদায়ন করা যাবে না। এ ছাড়া একজন কর্মকর্তা সর্বোচ্চ চারটি থানায় অথবা ছয় বছর ওসি হিসেবে দায়িত্ব পালনের পর আর ওসি পদে পদায়নের জন্য বিবেচিত হবেন না।
নীতিমালায় আরও বলা হয়েছে, ওসি হিসেবে দুই বছর দায়িত্ব পালনের পর একজন কর্মকর্তাকে অন্যত্র বদলি করা যাবে। তবে একই থানায় ধারাবাহিকভাবে সর্বোচ্চ তিন বছর দায়িত্ব পালনের সুযোগ রয়েছে। নির্ধারিত সময়ের আগে বদলির ক্ষেত্রেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রশাসনিক ক্ষমতা ও নির্দেশনা অনুসরণের বিষয় উল্লেখ করা হয়েছে।
নীতিমালা মানা হয়নি বলে প্রশ্ন
সরোয়ার আলম খানের পুনরায় একই থানায় যোগদান নিয়ে প্রশ্ন তুলেছেন সুশাসনের জন্য নাগরিকের (সুজন) বন্ধু ঠাকুরগাঁও জেলা কমিটির সভাপতি মঈনুদ্দীন তালুকদার হিমেল।
তিনি বলেন, একটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও অপরাধ দমনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। সরোয়ার আলম খান আগে ঠাকুরগাঁও সদর থানায় দায়িত্ব পালন করেছেন। তাই তাঁকে একই থানায় দ্বিতীয়বার পদায়ন না করাই সমীচীন ছিল।
মঈনুদ্দীন তালুকদার আরও বলেন, দেশে পুলিশ কর্মকর্তার সংকট নেই যে একজন কর্মকর্তাকে আগের কর্মস্থলেই আবার ফিরিয়ে আনতে হবে। একই থানায় দ্বিতীয়বার পদায়নের ক্ষেত্রে নীতিমালার বিষয়টি বিবেচনায় নেওয়া উচিত ছিল। বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন বলে তিনি আশা প্রকাশ করেন।
দায় এড়াচ্ছেন জেলা ও রেঞ্জ পুলিশের কর্মকর্তারা
পুনরায় একই থানায় যোগদানের বিষয়ে জানতে চাইলে সদর থানার ওসি সরোয়ার আলম খান বলেন, ‘আমি এর আগে প্রায় সাত মাসের মতো দায়িত্ব পালন করে গেছি।’ তবে একই থানায় আবার যোগদানের কারণ জানতে চাইলে তিনি কোনো উত্তর দেননি।
ঠাকুরগাঁও জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. আলমগীর রহমান বলেন, নীতিমালার বিষয়ে তাঁর জানা নেই। তিনি বলেন, ‘আমরা তো পদায়ন করিনি। ঊর্ধ্বতন কর্মকর্তারা ওপর থেকে নির্ধারণ করেছেন। ওপর থেকেই আদেশ হয়েছে। এ বিষয়ে আমি কিছু বলতে পারছি না।’
জেলা পুলিশ সুপার মো. বেলাল হোসেন ছুটিতে থাকায় তাঁর সঙ্গে কথা বলা সম্ভব হয়নি। তাঁর পরিবর্তে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. খোদাদাদ হোসেন বলেন, ‘যাঁরা নীতিনির্ধারণী পর্যায়ে রয়েছেন, তাঁরাই এসব বিষয় দেখভাল করেন। এ বিষয়ে স্যারই ভালো বলতে পারবেন। আমি কিছু বলতে পারব না।’
অন্যদিকে, ঠাকুরগাঁও সদর থানায় সরোয়ার আলম খানের পুনরায় যোগদানের বিষয়ে অবগত নন বলে জানিয়েছেন রংপুর রেঞ্জের ডিআইজি (উপমহাপরিদর্শক) মোহাম্মদ আবদুল মাবুদ।
মুঠোফোনে তিনি বলেন, ‘ওই থানার ওসি তো শাহজাহান আলী। সরোয়ার আলম খানের যোগদানের বিষয়টি আমার জানা নেই। আমি জানি না।’
পুলিশের ওসি পদায়নের ২২ দফা নীতিমালা সম্পর্কে জানতে চাইলে তিনি বিষয়টি খোঁজ নিয়ে দেখবেন বলে জানান।
ফলে একই থানায় দ্বিতীয়বার ওসি পদায়নের ক্ষেত্রে পুলিশ সদর দপ্তরের নীতিমালা কীভাবে বিবেচনায় নেওয়া হয়েছে, তা নিয়ে প্রশ্ন রয়ে গেছে।






















