ইসলামপুরে ১০৮ বিদ্যালয়ে প্রধান শিক্ষক নেই, নৈশপ্রহরী সংকট ৭২টিতে
- সংবাদ প্রকাশের সময় : ০৯:৫১:৫৪ পূর্বাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬ ২৬ বার পড়া হয়েছে
ভারপ্রাপ্তদের প্রশাসনিক কাজে পাঠদানে বিঘ্ন, তদারকির অভাবে পিছিয়ে পড়ছে দুর্গম চরাঞ্চলের বিদ্যালয়
জামালপুরের ইসলামপুর উপজেলায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক ও নৈশপ্রহরীর সংকটে শিক্ষা কার্যক্রম ও প্রশাসনিক ব্যবস্থাপনা ব্যাহত হচ্ছে। উপজেলার ১৭৮টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে ১০৮টিতে নেই নিয়মিত প্রধান শিক্ষক। এসব বিদ্যালয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দিয়ে চলছে কার্যক্রম। অন্যদিকে ৭২টি বিদ্যালয়ে নৈশপ্রহরী-কাম-দপ্তরি পদ শূন্য রয়েছে। দীর্ঘদিনের এই জনবল সংকটে পাঠদান, বিদ্যালয় ব্যবস্থাপনা ও নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।
উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, প্রধান শিক্ষক না থাকা ১০৮টি বিদ্যালয়ের মধ্যে ৪৬টিতে সহকারী শিক্ষকেরা ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করছেন। বাকি ৬২টি বিদ্যালয়ে দীর্ঘদিন ধরে প্রধান শিক্ষকের পদ শূন্য রয়েছে।
সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকদের নিয়মিত পাঠদানের পাশাপাশি বিদ্যালয়ের দাপ্তরিক কাজও সামলাতে হচ্ছে। উপবৃত্তি, সরকারি হিসাব-নিকাশ, বিভিন্ন সভায় অংশগ্রহণসহ নানা প্রয়োজনে তাঁদের প্রায়ই উপজেলা শিক্ষা অফিসে যাতায়াত করতে হয়। ফলে শ্রেণিকক্ষে পাঠদানের সময় কমে যাচ্ছে। এর প্রভাব পড়ছে ৪৬টি বিদ্যালয়ের শিক্ষার্থীদের পড়াশোনায়। অন্যদিকে দীর্ঘদিন প্রধান শিক্ষক না থাকায় বাকি ৬২টি বিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রমেও স্থবিরতা তৈরি হয়েছে।
তদারকিতে জনবল সংকট, ভোগান্তি চরাঞ্চলে
বিদ্যালয়ের পাঠদান ও শিক্ষকদের কার্যক্রম তদারকিতেও রয়েছে ঘাটতি। ইসলামপুর উপজেলায় বিদ্যালয় পরিদর্শনের জন্য আটজন সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা (এটিইও) থাকার কথা থাকলেও বর্তমানে কর্মরত রয়েছেন ছয়জন।
তাঁদেরও বিভিন্ন সভা ও প্রশিক্ষণে অংশ নিতে হয়। এর সঙ্গে যমুনা ও ব্রহ্মপুত্রবেষ্টিত দুর্গম চরাঞ্চলে যাতায়াতের সমস্যা যুক্ত হওয়ায় নিয়মিত বিদ্যালয় পরিদর্শন এবং শিক্ষকদের পাঠদান মূল্যায়ন কঠিন হয়ে পড়েছে।
স্থানীয়দের অভিযোগ, পর্যাপ্ত তদারকির অভাবে যমুনার দুর্গম চরাঞ্চলের কিছু বিদ্যালয়ে প্রক্সি শিক্ষক দিয়ে পাঠদানসহ নানা অনিয়মের সুযোগ তৈরি হচ্ছে। এর পাশাপাশি উপজেলায় শিক্ষার্থী ঝরে পড়ার প্রবণতাও বাড়ছে বলে তাঁদের দাবি। তবে এ বিষয়ে নির্দিষ্ট পরিসংখ্যান পাওয়া যায়নি।
৭২ বিদ্যালয়ে নৈশপ্রহরী নেই, ঝুঁকিতে সরকারি সরঞ্জাম
প্রধান শিক্ষক সংকটের পাশাপাশি বিদ্যালয়ের নিরাপত্তা নিয়েও উদ্বেগ রয়েছে। উপজেলার ১৭৮টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে ৭২টিতে নৈশপ্রহরী-কাম-দপ্তরি পদ শূন্য। ফলে রাতের বেলায় এসব বিদ্যালয়ের ভবন ও সরকারি সরঞ্জাম অরক্ষিত থাকার আশঙ্কা তৈরি হয়েছে।
স্থানীয়দের অভিযোগ, নিরাপত্তার দুর্বলতার সুযোগে বিভিন্ন বিদ্যালয় থেকে ল্যাপটপ, প্রজেক্টর, সাউন্ড সিস্টেম, বৈদ্যুতিক ফ্যানসহ সরকারি সরঞ্জাম চুরির ঘটনা ঘটছে। এতে সরকারি সম্পদের ক্ষতির পাশাপাশি ডিজিটাল শিক্ষা কার্যক্রমও ব্যাহত হচ্ছে।
নিয়োগ ও পদোন্নতির অপেক্ষায় শিক্ষা বিভাগ
এ বিষয়ে ইসলামপুর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা স্বর্ণজিত বলেন, ‘শূন্যপদের তালিকা নিয়মিত ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হচ্ছে। নিয়োগ ও পদোন্নতি প্রক্রিয়া সম্পন্ন হলে এই সংকট দ্রুত সমাধান হবে।’
শিক্ষা সংশ্লিষ্টদের মতে, প্রধান শিক্ষক ও নৈশপ্রহরীর শূন্য পদ পূরণ না হলে বিদ্যালয়ের স্বাভাবিক কার্যক্রম চালানো কঠিন হবে। বিশেষ করে চরাঞ্চলের বিদ্যালয়গুলোতে শিক্ষক উপস্থিতি, পাঠদানের মান ও শিক্ষার্থী ধরে রাখতে নিয়মিত তদারকি জরুরি। তাই শুধু শূন্যপদের তালিকা পাঠানো নয়, নিয়োগ ও পদায়নের সময়সীমা নির্ধারণ এবং বিদ্যালয়ভিত্তিক নিরাপত্তাব্যবস্থা নিশ্চিত করাও প্রয়োজন।






















