৬ দিন বন্ধ ঢাকা-রিয়াদ ফ্লাইট, ১৭ অক্টোবর পর্যন্ত স্থগিত সব যাত্রা
- সংবাদ প্রকাশের সময় : ০৯:১২:২৫ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ২১ বার পড়া হয়েছে
সৌদি আরবের রিয়াদে কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরের কার্যক্রম বন্ধ থাকায় ঢাকা থেকে রিয়াদগামী সব ফ্লাইট আগামী ১৭ অক্টোবর পর্যন্ত স্থগিত করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। এতে এ রুটের যাত্রীদের যাত্রা নিয়ে সাময়িক অনিশ্চয়তা তৈরি হয়েছে।
সোমবার (১২ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে রাষ্ট্রীয় পতাকাবাহী সংস্থাটি।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ সময় ও তারিখ অনুযায়ী ১৭ অক্টোবর ২০২৬ পর্যন্ত ঢাকা থেকে রিয়াদগামী সব ফ্লাইট চলাচল স্থগিত থাকবে। পরিস্থিতি বিবেচনায় পরবর্তী সিদ্ধান্ত এবং ফ্লাইটের নতুন সময়সূচি যথাসময়ে জানানো হবে।
ফ্লাইট স্থগিতের কারণে যাত্রীদের সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। একই সঙ্গে যাত্রীদের ধৈর্য ধারণ ও সহযোগিতা কামনা করেছে সংস্থাটি।
যাত্রীদের পরবর্তী ফ্লাইটের সময়সূচি ও সর্বশেষ পরিস্থিতি জানতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের আনুষ্ঠানিক ঘোষণা অনুসরণ করার পরামর্শ দেওয়া হয়েছে।























