গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করতে চায় না সরকার: তথ্য প্রতিমন্ত্রী

- সংবাদ প্রকাশের সময় : ০২:৪৯:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ২৩ বার পড়া হয়েছে
গণমাধ্যমের স্বাধীনতায় সরকার বিশ্বাস করে এবং গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করার কোনো ইচ্ছা সরকারের নেই বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) নেতাদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
ইয়াসের খান চৌধুরী বলেন, ‘সরকার গণমাধ্যমের স্বাধীনতায় বিশ্বাস করে। এটি অব্যাহত রাখার জন্য প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়া হবে। অপতথ্য ও গুজব বন্ধে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হচ্ছে। গণমাধ্যমকে সরকার নিয়ন্ত্রণ করতে চায় না।’
তবে অপপ্রচার ও অসত্য তথ্য ছড়ানোর ক্ষেত্রে ব্যবস্থা নেওয়ার কথাও জানিয়েছেন তিনি। তথ্য প্রতিমন্ত্রী বলেন, সাংবাদিকদের আইনের আওতায় আনতে হলে আদালতের অনুমতি নেওয়ার যে প্রস্তাব সাংবাদিকদের পক্ষ থেকে দেওয়া হয়েছে, সেটি সরকার বিবেচনা করছে।
তিনি বলেন, ‘অনেকে অপপ্রচার, অসত্য তথ্য প্রচার করেন। তাদের বিরুদ্ধে সরকার পদক্ষেপ নেবে।’
সাংবাদিকদের বেতন কাঠামো নিয়েও সরকারের উদ্যোগের কথা জানান ইয়াসের খান চৌধুরী। তিনি বলেন, সাংবাদিকদের ওয়েজবোর্ড নিয়ে কাজ চলছে।
টেলিভিশন সাংবাদিকদেরও একটি নির্দিষ্ট বেতন কাঠামোর আওতায় আনা উচিত বলে মন্তব্য করেন তিনি। এ বিষয়ে দ্রুততম সময়ে সিদ্ধান্তে পৌঁছানোর চেষ্টা চলছে বলেও জানান তথ্য প্রতিমন্ত্রী।
তিনি বলেন, ‘সরকার এ বিষয়ে আন্তরিক। শ্রম মন্ত্রণালয় এটি বাস্তবায়ন করবে। অফিশিয়ালি বা ব্যক্তিগতভাবে তাদের সঙ্গে যোগাযোগ করা হবে।’
মতবিনিময় সভায় গণমাধ্যমের স্বাধীনতা, অপতথ্য ও গুজব মোকাবিলা এবং সাংবাদিকদের বেতন কাঠামোসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।






















